ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পিপিপিতে চালু হচ্ছে টাঙ্গাইল কটন মিল

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিপিপিতে চালু হচ্ছে টাঙ্গাইল কটন মিল

বিশেষ প্রতিবেদক : দীর্ঘদিন বন্ধ থাকার পর টাঙ্গাইল কটন মিল চালু হচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় প্রতিষ্ঠানটি চালু করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান মেসার্স রামিছা গ্রুপ মিলটি পরিচালনার দায়িত্ব নিচ্ছে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পিপিপি’র আওতায় প্রতিষ্ঠানটি চালু করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ‘ডেভেলপমেন্ট অব টাঙ্গাইল কটন মিলস অ্যাট মির্জাপুর টাঙ্গাইল’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে।

১৯৬২ সালে বাংলাদেশ বস্ত্রশিল্প করপোরেশন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে টাঙ্গাইল কটন মিল নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলে। প্রতিষ্ঠানটি চালুর প্রায় ৩২ বছর পর ১৯৯৪ সালে লোকসানের মুখে বন্ধ হয়ে যায়।

গোড়াই শিল্পাঞ্চলে মিলটির মোট জমির পরিমাণ ২৭ দশমিক ২৯ একর। বিশাল এ জায়গার সম্ভাব্য বাজার মূল্য ২১৮ কোটি ৩৫ লাখ টাকা। বর্তমানে মিলটির স্থাপনা ও যন্ত্রপাতি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পুরনো ও অকেজো এসব যন্ত্রপাতি অপসারণ করে আধুনিক স্থাপনাসহ নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে মিলটি চালুর উদ্যোগ নেবে উদ্যোক্তা প্রতিষ্ঠান। এতে নতুন করে বিপুলসংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়