ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দু-এক দিনের মধ্যে ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দু-এক দিনের মধ্যে ওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর

সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানান ডা. আবু নাসার রিজভী (মাঝে)

জ্যেষ্ঠ প্রতিবেদক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দু-এক দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

তার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামির বরাত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট  ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান। এর আগে ডা. সিবাস্টিন চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আজ সকালে ব্রিফ করেন।

ডা. রিজভীকে উদ্ধৃত করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল আজ সকালে খুলে দেয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তার রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই।’

তিনি বলেন, ‘শরীরের দুর্বলতা কেটে গেলে দু-এক দিনের মধ্যে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।’

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে সেতুমন্ত্রীর চিকিৎসার বিষয়ে জানান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।




রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৯/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়