সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার (২৭ মে) রাজধানীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকট আন্ডারপাস নির্মাণ প্রকল্পের এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপ লাইনের সাথে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৭ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় বিদ্যমান সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
সাময়িক এই অসুবিধার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/হাসান/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম