তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
সচিবালয় প্রতিবেদক : জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। জাপান সফর শেষে সৌদি আরব এবং ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ২৮ মে জাপানের বিখ্যাত গণমাধ্যম ‘নিকে’র উদ্যোগে আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু’দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের একটি সহযোগিতা চুক্তি সই হবে। এই অর্থ দিয়ে মহেশখালীর মাতারবাড়িতে বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, মাস র্যাপিড ট্রানজিট-এমআরটিসহ মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রীর আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের সহযোগিতা চাওয়ার বিষয়টিও থাকবে।
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৫৩ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
৩০ মে প্রধানমন্ত্রী জাপান থেকে সৌদি আরব যাবেন। ৩১ মে দেশটির গুরুত্বপূর্ণ ও ধর্মীয় ঐতিহ্যবাহী শহর মক্কায় আয়োজিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। একমাত্র নারী সরকারপ্রধান হিসেবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন শেখ হাসিনা। সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ড যাবেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, তিন দেশের এই সফর চলাকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ বছর প্রধানমন্ত্রী বাংলাদেশে ঈদ করছেন না। প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন ফিনল্যান্ডে।
রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/হাসান/ইভা
রাইজিংবিডি.কম