ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বসছে পদ্মা সেতুর ১৪তম স্প্যান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ২৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বসছে পদ্মা সেতুর ১৪তম স্প্যান

সচিবালয় প্রতিবেদক : পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসনোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ বা আগামীকাল মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১৫ ও ১৬ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ২১০০ মিটার।

সেতু বিভাগ সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার স্প্যান বসানো হবে। অন্যথায় আগামীকাল শুক্রবার (২৮ জুন) বসানো হবে। বিশেষ করে আজকে সকালের বৃষ্টির কারণে কাজে কিছুটা কালক্ষেপণ হয়। এখনও মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করা ‘তিয়ান ই’ ক্রেন রওনা দেয়নি।

পদ্মা সেতু প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, স্প্যানটি কুমারভোগের বিশেষায়িত ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজে করে খুঁটির কাছে নেওয়া হবে। ১৪তম স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তের ১৫ ও ১৬ নম্বর খুঁটিতে। খুঁটি দুটিও স্প্যান বহনের সম্পূর্ণ উপযোগী করা হয়েছে।

সেতু বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, ৩-সি নম্বর স্প্যান বসানোর সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।গত ২৫ মে ১৩তম স্প্যান বসানোর প্রায় ১ মাস ২ দিনের মাথায় ১৪তম স্প্যান বসতে যাচ্ছে।

পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে ২৯টি পিলারের কাজ শেষ হয়েছে। বাকি ১৩টি পিলারের কাজ চলমান রয়েছে। এ ছাড়া ২৭টি রোডওয়ে স্লাব বসানো হয়েছে বলে প্রকৌশলী সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়