সড়ক দুর্ঘটনা: নিহতের পরিবারকে ২০ লাখ টাকা দেওয়ার দাবি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সড়ক দুর্ঘটনায় আহতদের ৫ লাখ টাকা এবং নিহতের পরিবারকে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (১ ফেব্রুয়ারি) নগরীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইন-২০১৯ সালের নভেম্বর থেকে কার্যকর হয়েছে, জেল-জরিমানা আদায় হচ্ছে, কিন্তু ১৫ মাসেও ট্রাস্টি বোর্ড গঠন না হওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে না।’
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা তহবিলের অর্থসংস্থানের জন্য নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ এর অধীনে বিভিন্ন মামলার যেমন হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ও বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের যাবতীয় জরিমানার অর্থ এই তহবিলে জমা করা যেতে পারে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব এম. মনিরুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা/মামুন/সাওন/ইভা