ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর নির্বাচনের কফিনে শেষ পেরেক’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২ জুন ২০২১   আপডেট: ১৯:২০, ২ জুন ২০২১
‘এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর নির্বাচনের কফিনে শেষ পেরেক’

জনবলসহ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাকে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক বলে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, কী উদ্দেশ্যে এই আত্মঘাতী ও অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বোধগম্য নয়।

বুধবার (২ জুন) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে এনআইডি স্থানান্তরের নির্দেশ কমিশনের অঙ্গচ্ছেদের নামান্তর।

তিনি বলেন, মন্ত্রিপরিষদের যুগ্ম সচিবের সই করা পত্রে এনআইডি হস্তান্তরের প্রক্রিয়ায় ‘নির্বাচন কমিশন’–এর বদলে ‘সরকার’ শব্দটি প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এনআইডির বিদ্যমান অবকাঠামো ও জনবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগে হস্তান্তর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে এ ধরনের নির্দেশ প্রদান কতটা যৌক্তিক, তা বিবেচ্য।

মাহবুব তালুকদার বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর ফলে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইসনির্ভর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জটিলতার সৃষ্টি হবে।  এছাড়া এতে নির্বাচন ব্যবস্থা ও কাঙ্ক্ষিত গণতন্ত্র ভূলণ্ঠিত হবে। এটি করা হলে সংবিধানের ১১৯ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন সম্ভব হবে না।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়