ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেলকর্মীদের যৌক্তিক দাবি আগেই মেনে নেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪৩, ২৮ জানুয়ারি ২০২৫
রেলকর্মীদের যৌক্তিক দাবি আগেই মেনে নেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

রেলেরকর্মীদের ওভারটাইমের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এখন অন্যান্য দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রেলওয়ে উপদেষ্টা বলেছেন রেলের বরাদ্দের জন্য আপনার মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। এখন আপনি যেটা করবেন সেটাই। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল, আমরা বেশ কয়েকদিন আগেই যৌক্তিক দাবি দিয়ে দিয়েছি। তারপরও তারা কেন করেছে এটা তাদের ব্যাপার।” 

তিনি বলেন,  “প্রত্যেকের একাধিক দাবি দেওয়া থাকে। তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম এলাও করতে হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি। যেভাবে দেওয়ার আমরা দিয়েছি। আমার মনে হয় মোটামুটি যেটা যৌক্তিক ছিল সেই সুবিধা আমরা দিয়েছি। এখন অন্যান্য দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমার এখানে যদি আসে যৌক্তিক কিছু থাকলে, অর্থ মন্ত্রণালয় মানা করবে না। মানবিক কারণে বা মানুষের চাকরি ব্যাপারে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” 

তিনি বলেন, “এখন যদি বলে পেনশন গ্রাচুইটি যোগ করতে হবে। তো অন্যান্য সংস্থার তো আরো অনেক দাবি আছে।” 

এখন যেসব দাবি-দাওয়া নিয়ে রেল বন্ধ করে দিয়েছে, এটির কী হবে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, “এটা রেলওয়ে উপদেষ্টা বলবেন।” 

বৈঠকের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বৈঠকে চাল, চিনি, মসুর ডাল, সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ জিনিসগুলা যাতে রোজার আগে বা রোজার সময়  এমনকি রোজার শেষেও  সরবরাহ স্বাভাবিক থাকে।”

তিনি বলেন, “এখানে বাজারের সাপ্লায়ের অন্য বিষয় আছে। আমরা আনার ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে মার্কেট মনিটরিংয়ের ব্যাপার আছে। শুধু আনলেই হবে না। সময়মতো ঠিকভাবে যায় কিনা দেখতে হবে।” 

ঢাকা/হাসনাত/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়