১ ঘণ্টায় শেষ ৩ জুনের ট্রেনের অগ্রিম টিকিট
আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৪ মে) আগামী ৩ জুনের টিকিট বিক্রি হচ্ছে। বিক্রি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ওই দিনের পশ্চিমাঞ্চলের সব টিকিট শেষ হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে জানায়, আজ সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। টিকিটের জন্য সকাল থেকেই লাখ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছেন। এর মধ্যে প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে।
সকালে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার দিকে অনলাইনে দেওয়া হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। এই বিশাল সংখ্যক হিটের বিপরীতে আসনসংখ্যা অত্যন্ত সীমিত থাকায় অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, “অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে বলে ধারণা করছি। ”
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। ওইদিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। ২২ মে ১ জুনের টিকিট বিক্রি করা হয়েছে। রবিবার (২৫ মে) পাওয়া যাবে ৪ জুনের টিকিট। এছাড়া, ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে ও ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। জনপ্রতি টিকিটপ্রত্যাশী একবারে একসঙ্গে ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঢাকা/হাসান/ইভা
ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প