ব্যারিস্টার জমির উদ্দিনের দুই ছেলের কোটি টাকা রাজস্ব ফাঁকি!
এম এ রহমান || রাইজিংবিডি.কম
জমির টেলিকমের লোগো
এম এ রহমান : প্রাক্তন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই ছেলে নওশের জমির ও নওফেল জমিরের মালিকানাধীন জমির টেলিকম-এর বিরুদ্ধে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে।
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি)-এর মাধ্যমে এবং নানা পন্থায় তারা কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন- এমন সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন উপপরিচালক রাইজিংবিডিকে জানান, গত জুলাই মাসে অনুসন্ধান শুরু করা হয়েছে এবং এরই মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছে এ বিষয়ে নথি তলব করা হয়েছে। তবে এখন পর্যন্ত নথিপত্র হাতে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ ২০টি দেশের ১০৬টি আন্তর্জাতিক ক্যারিয়ারের কাছে বিটিসিএলের পাওনা হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পাওনা রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান জমির টেলিকম-এর কাছে। এই টাকার পরিমাণ ৩৭০ কোটি টাকা। যার কর্ণধার বিএনপি নেতা ও সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের ছেলে মো. নওফেল আরশাদ জমির।
ইংল্যান্ড ভিত্তিক কোম্পানি জমির টেলিকম মূলত ইউরোপের কল বাংলাদেশে পাঠায়। ২০১০ সালে জমির টেলিকম আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে ইউরোপ থেকে কল বাংলাদেশে আনার দায়িত্ব পায়।
কিন্তু ২০১১ সাল থেকে নানা অজুহাতে অর্থ পরিশোধ না করে উল্টো বিটিসিএলের বিরুদ্ধে মামলা করে কালক্ষেপণ ও বকেয়া না-দেওয়ার পাঁয়তারা করেছে বলে অভিযোগে বলা হয়েছে।
দুদক সূত্র আরো জানায়, কল সংখ্যা এবং এর বিল নিয়ে উভয় পক্ষের আপত্তি থাকায় এ অর্থ আদায়ে কোনো মীমাংসা হয়নি। এর সূত্র ধরে একবার সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী সময়ে ২০১১ সালের জুলাই মাসে আদালত জমির টেলিকমের আরবিট্রেশন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য একটি স্থায়ী আদেশ জারি করেন। এ আদেশের সুযোগ নিয়ে জমির টেলিকম ব্যবসা চালিয়ে যায়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী লতিফ সিদ্দিকী সংসদীয় কমিটিতেও বিষয়টি উত্থাপন করেন। পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের জানান, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি তিনি জানতেন। এরপরও গত ২০ মার্চ তিনি নিজ দায়িত্বে জমির টেলিকম বন্ধ করার আদেশ দেন।
এরপর জমির টেলিকম আবারও আদালতে গেলে আদালত বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিন কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা এক সপ্তাহের মধ্যে জানানোর আদেশ দেন।
পরবর্তী সময়ে জমির টেলিকম-এর সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং গত এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে।
এ বিষয়ে বিটিসিএলের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা রাইজিংবিডিকে জানান, জমির টেলিকমের কাছে বিটিসিএলের পাওনা ৩৭০ কোটি টাকা। পাওনা পরিশোধ না করার কারণে বর্তমানে জমির টেলিকম-এর সংযোগ বন্ধ রয়েছে।
দুদক সূত্র আরো জানায়, জমির টেলিকম-এর মতো অন্যান্য আর্ন্তজাতিক কোম্পানিও টাকা পরিশোধ না করার কৌশল হিসেবে মামলা ঠুকে দিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে অবহিত রয়েছে।
অন্যান্য আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক হোম অ্যান্ড ফোন ইনকরপোরেশনের কাছে পাওনা ৮ কোটি ৮২ লাখ টাকা। সিঙ্গাপুরভিত্তিক ম্যাক্সওয়েল পাওয়ার সার্ভিস ও আইপাওয়ারের কাছে পাওনা যথাক্রমে ৮ কোটি ৮২ লাখ ও ৩ কোটি ৫০ লাখ টাকা। যুক্তরাজ্যভিত্তিক ম্যাক্সটেলের কাছে ৮ কোটি ২০ লাখ, মোবিলিংকের কাছে ৪ কোটি ৬৫ লাখ ও সিঙ্গাপুরভিত্তিক টেলকোটেক কোম্পানির কাছে ৯ কোটি ৭০ লাখ টাকা পাওনা রয়েছে বিটিসিএলের। এছাড়া বিভিন্ন দেশের ক্যারিয়ারের কাছে অন্তত ১১০০ কোটি টাকা পাওনা রয়েছে।
এর মধ্যে বেশ কিছু প্রি-পেইড ক্যারিয়ারও আছে, যেগুলোর ব্যালান্স ছাড়িয়ে বাকির পরিমাণ ৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ খাতে বাকি পড়েছে ২৩ কোটি ৬১ লাখ টাকারও বেশি। অথচ ব্যালান্সের পরিমাণ নির্ধারণ করে দেওয়া ছিল ১৪ কোটি টাকা।
অন্যদিকে ৫৪টি পোস্ট-পেইড ক্যারিয়ারের কাছে বিটিসিএলের পাওনা ৯৯৪ কোটি ৯১ লাখ টাকা। যদিও এর বিপরীতে ব্যাংক গ্যারান্টি আছে মাত্র ১৭১ কোটি টাকার।
এর বাইরে আরও কিছু স্থানীয় ক্যারিয়ার আছে, যেগুলোর কাছ থেকে বিটিসিএল কোনও ব্যাংক গ্যারান্টি নেয়নি। এগুলোর কাছে বাকি পড়েছে ৯৬ কোটি টাকা।
গত বছরের মার্চ মাস পর্যন্ত মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ কোটি টাকা।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায় রাইজিংবিডিকে জানান, জমির টেলিকমসহ সকল টেলিকমের অনিয়ম খতিয়ে দেখা হবে। একইসঙ্গে অবৈধভাবে কেউ ভিওআইপি ব্যবসায় জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, নওশের জমির ও নওফেল জমিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৪/এম এ রহমান/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার