নিজ এলাকার বাইরে ভোটের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা
|| রাইজিংবিডি.কম
ভোটের দিন পক্ষপাত বা প্রভাব বিস্তার ঠেকানোর প্রস্তুতি হিসেবে ইসির নেওয়া পদক্ষেপে এবার যোগ হলো আনসার ও ভিডিপি সদস্যদের নিজ এলাকার বাইরে দায়িত্বে পাঠানোর মতো সিদ্ধান্ত।
পক্ষপাত করার যেন সুযোগই না থাকে, সেই লক্ষ্যে সংসদ নির্বাচন ও গণভোটে নিজ এলাকার বাইরের ভোটকেন্দ্রের দায়িত্বে পাঠানো হচ্ছে আনসার ও ভিডিপি সদস্যদের।
সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে।
একইসঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের স্ব-স্ব ইউনিয়নে পদায়ন না করার জন্যও সিদ্ধান্তে এসেছে ইসি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভিন্ন বাস্তবতায় এবারের নির্বাচন হওয়ায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা বেশি। আবার বিএনপি ও ১১ দলীয় জোট ভোটকেন্দ্রে জাল-জালিয়াতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তাদের কর্মীদের সতর্ক রাখছেন, যেন তারা ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পাহারায় থাকেন। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টার অভিযোগ উঠে আসছে নির্বাচনে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের মুখে।
এমএসবি/
ঢাকা/এমএসবি/রাসেল