৩৩৩-তে ডায়াল করে মিলবে নির্বাচন ও গণভোটের তথ্য
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে জাতীয় হেল্পলাইন নম্বর ৩৩৩ এ বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে।
দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি নম্বর ৩৩৩ এ কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই-এর উদ্যোগে এ তথ্যসেবা চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর এই তথ্যসেবার আওতায় ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।
এছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD এবং Postal Vote BD অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করা হচ্ছে এই সেবার মাধ্যমে।
গত ১৬ জানুয়ারি থেকে পাইলট ভিত্তিতে চালু হওয়া এ বিশেষ তথ্যসেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক নির্বাচনসংক্রান্ত তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবেও ৩৩৩-এর ৯ নম্বর অপশন ব্যবহারের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না বরং একটি “Information Intake, Early Warning & Forwarding System” হিসেবে পরিচালিত হবে। প্রাপ্ত তথ্য প্রয়োজন অনুযায়ী ৯৯৯ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর এই তথ্যসেবা নির্বাচনসংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।
ঢাকা/এএএম/ফিরোজ