ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজিরবিহীন শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, গণতান্ত্রিক উত্তরণে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নজিরবিহীন শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, গণতান্ত্রিক উত্তরণে নতুন বার্তা

ভোট দিতে না পারার আক্ষেপ মেটানোর দিনে কোটি কোটি তরুণ-যুবক আর দেশের নাগরিকেরা রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে ভোটকেন্দ্রে তাদের রায় প্রদানের এক অনন্য নজির তৈরি করলেন। এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণ বাংলাদেশ আর কখন দেখেনি, স্মরণকালে গণতান্ত্রিক বিশ্বের উন্নত-অনুন্নত অধিকাংশ দেশেও এমন উদাহরণ নেই।

কিছু ‍উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা গণভোটের ভোটগ্রহণ হয়েছে সারা দেশে।

আরো পড়ুন:

রূপান্তরের এই দিনে সারা দেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও যেমন বড় ধরনের রক্তাক্ত সহিংসতা হয়নি, তেমনি নেই প্রাণহানি, হানাহানির খবর। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্ন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ভোটের মাঠ থেকে বাংলাদেশ একটি বার্তা পেয়ে গেল, ৪ কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না; যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল। 

সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ৩৬ দিনে সারা দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হন। তবে নির্বাচনের দিনটি রক্তপাতহীন এক নজিরবিহীন ঘটনার জন্ম দিল বাংলাদেশের জন্য।

ভোটারের দীর্ঘ লাইনে উত্তরণের বার্তা
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের কথা থাকলেও দেশের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটাদের ছিল দীর্ঘ লাইন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে রাইজিংবিডির প্রতিনিধিরা এ খবর জানান। কোথাও কোথাও নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও কোথাও কোথাও বাড়তে থাকে। 

ভিন্ন চিত্র গোপালগঞ্জ 
দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ভোটার উপস্থিতি ছিল কম। এছাড়া, গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। এতে এক শিশু ও দুই আনসার সদস্যহ আহত হন। এ ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ 
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে সেখানে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেখানে ভোট গ্রহণ চলে। এছাড়া, কুমিল্লায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। 

খুলনায় ভোট কেন্দ্রে 'ধস্তাধস্তির পর' বিএনপি নেতার মৃত্যু
খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির পর মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তাকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

এছাড়া, যাত্রাবাড়ী, খুলনা, মুন্সীগঞ্জ, গাইবান্ধায় ভোট দিতে গিয়ে ১ জন করে অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় দায়িত্বরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম মো. মুজাহিদুল ইসলাম। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক। 

সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, “মো. মুজাহিদুল ইসলাম সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি
ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাঁদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”

রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 

তিনি বলেন, “নির্বাচনে সামগ্রিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর তারা পাননি।” 

জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে- আশা জামায়াত আমিরের
নির্বাচনে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ভূমিকা যা দেখেছেন, তাতে ‘অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ’ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাদের ভূমিকা সন্তোষজনক বলে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি।

ভোটার টার্নওভার সম্পর্কে জানতে চাইলে জামায়াতের আমির বলেন, "টার্নওভার (ভোটার উপস্থিতি) ভালো।” 

তিনি আশাবাদী আরো ভালো হওয়ার। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন বলে এ সময় আস্থা প্রকাশ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, সারা দেশের খবর যা পাচ্ছেন তাতে বিশ্বাস করেন, জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে ‘ওয়েলকাম’ করবে না।

আব্বাস-পাটওয়ারীর ঢাকা-৮ আসনের চিত্র
এবারের নির্বাচনে ‘ভাইরাল’ ঢাকা-৮ আসনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন কোনো কোনো প্রার্থী।

এ আসনে বিএন‌পির প্রার্থী মির্জা আব্বাস জোর খাটা‌ন বলে অভিযোগ ক‌রে‌ন ওই আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ মুখ্য সমন্বয়ক বলেন, “ সকাল থে‌কে তি‌নি (মির্জা আব্বাস) নি‌জের এলাকার এই কেন্দ্রে জোর দেখা‌চ্ছেন। তিন ঘণ্টা আমার পো‌লিং এজেন্টকে ঢুক‌তে দেওয়া হয়‌নি। প‌রে প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌পে তা‌দের প্রবেশ করা‌নো হ‌য়ে‌ছে। এই তিন ঘণ্টা কেন ঢুক‌তে দেওয়া হয়‌নি, কি হ‌য়ে‌ছে সেখা‌নে তার জবাব দি‌তে হ‌বে।”

তি‌নি ব‌লেন, “ভোট কে‌ন্দ্র ঘু‌রে যা দে‌খে‌ছি অধিকাংশ কে‌ন্দ্রে ভালো ভোট হ‌চ্ছে। কিন্তু এই কে‌ন্দ্রে গণতন্ত্র নাই। এত‌কিছুর পরও আমি আশাবাদী। ভূ‌মিধস বিজয় হ‌বে ইনশাআল্লাহ।”

ভোট‌কে‌ন্দ্র প‌রিদর্শন ক‌রে নির্বাচনি প‌রি‌বেশ নিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ব‌লেন, “এখন পর্যন্ত সুষ্ঠু‌ভাবে ভোট হ‌চ্ছে। কো‌নো ঝা‌মেলা দে‌খি নাই। অপ্রী‌তিকর কো‌নো ঘটনার খবর পাইনি।” 

তি‌নি ব‌লেন, “একটা গোষ্ঠী প‌রি‌স্থি‌তি ঘোলা‌টে করার চেষ্টা করছে। এটা জনগণ ব্যালটের মাধ্যমে জাবাব দেবে ব‌লেন।” 

প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট 
নির্বাচন কমিশন (ইসি) বলছে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোটার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বেলা একটায় প্রেস ব্রিফিংয়ে তিনি ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটের এ হিসাব দেন।

তিনি জানান সারাদেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।

“স্বস্তির বিষয় হলো, কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি। কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিও নেই,” বলেছেন তিনি।

এবার শেরপুর-১ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে এবারের নির্বাচন ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি আসনে অনুষ্ঠিত হলো। এতে ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

ঢাকা/এমএসবি/ইভা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়