ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিন্টো ও হেয়ার রোডের বাসায় উঠছেন ২৭ মন্ত্রী, ১৩ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী থাকবেন যমুনায়, সরকারি বাংলোতে বিরোধী দলীয় নেতা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৯, ১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী থাকবেন যমুনায়, সরকারি বাংলোতে বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে অন্তত ৪০ জন সরকারি বাসভবন বরাদ্দ পেতে যাচ্ছেন। তাদের মধ্যে ২৭ জন মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এবং ১৩ জন প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা আছেন। সংশ্লিষ্টরা ইতোমধ্যে বাসা বরাদ্দের জন্য আবেদন করেছেন এবং অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে, এখন পর্যন্ত অন্তত আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা সরকারি বাসা বরাদ্দের জন্য আবেদন করেননি। আবার কেউ কেউ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে মৌখিকভাবে তাগিদ দিলেও সরকারি আবাসন পরিদপ্তরে আনুষ্ঠানিক আবেদন পৌঁছেনি। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা মিন্টো রোডের ২৯ নম্বর বাংলোতে উঠবেন বলে জানা গেছে।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির শেষের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিয়েছেন। তিনি তার গুলশানের বাসভবনে উঠেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি বাড়ি যমুনায় উঠবেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের অধিকাংশই ইতোমধ্যে সরকারি বাড়ি ছেড়ে দিয়েছেন। যারা এখনো ছাড়েননি, তারাও শিগগিরই ছাড়বেন বলে আশ্বস্ত করেছেন।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) আসাদুজ্জামান বলেছেন, “সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য নির্দিষ্ট নীতিমালা থাকলেও সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে তেমন কোনো নীতিমালা নেই। তারা পেনশন সুবিধাও পান না। এ বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে, চলতি মাসের মধ্যেই সবাই সরকারি বাসা ছেড়ে দেবেন।”

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোডে ২৪টি বাংলো এবং ১৩টি মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট রয়েছে। এর বাইরে বিরোধী দলীয় নেতার জন্য আলাদা একটি বাসভবনসহ আরো কয়েকটি বাড়ি আছে। এসব বাড়ির কিছু সংস্কার শেষে বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়া হচ্ছে। কারও কারও বরাদ্দ এখনো অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। বরাদ্দ পাওয়া মন্ত্রী ও উপদেষ্টারা শিগগিরই সরকারি বাসভবনে উঠবেন।

আবাসন পরিদপ্তর সূত্র জানায়, নতুন সরকারের মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের প্রায় সবাই বাসা বরাদ্দ পেয়েছেন। শুধু পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এখনো আবেদন করেননি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ লিখিত আবেদন না করলেও গণপূর্তমন্ত্রীকে মৌখিকভাবে জানিয়েছেন বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কয়েকজন এখনো আবেদন করেননি। তবে, প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাসা বরাদ্দ পেয়েছেন।

বর্তমান সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রী ৪৯ জন। এছাড়া, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ও বিশেষ সহকারী আছেন ১০ জন। মন্ত্রী মর্যাদায় বিরোধী দলীয় নেতা ও প্রতিমন্ত্রী মর্যাদায় বিরোধী দলীয় চিফ হুইপও রয়েছেন। সব মিলিয়ে বরাদ্দ দেওয়ার উপযোগী প্রস্তুত বাড়ি ও অ্যাপার্টমেন্ট রয়েছে ৩৭টি। এর বাইরে আরো কিছু বাড়ি সংস্কার করে বরাদ্দের উপযোগী করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগে থেকেই মিন্টো রোডের ৩৩ নম্বর বাংলোয় বসবাস করছেন। তিনি নতুন সরকারেও ওই বাসাতেই থাকছেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২৪ বেইলি রোড, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)কে ৫ হেয়ার রোড এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে ২৫ বেইলি রোডের বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ৭ মিন্টো রোড, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ২ মিন্টো রোড, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ৫ মিন্টো রোড এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১ হেয়ার রোডের বাংলো পেয়েছেন। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে দেওয়া হয়েছে ৬ হেয়ার রোড।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে ১ মিন্টো রোড, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে ৪ মিন্টো রোড, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ৩৪ মিন্টো রোড এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে ৪১ মিন্টো রোড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ পেয়েছেন ২ হেয়ার রোডের বাংলো।

মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানকে বেইলি রোডে বাংলো দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশানে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে দেওয়া হয়েছে ধানমণ্ডির সরকারি বাসভবন।

আবাসন পরিদপ্তর জানিয়েছে, প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। হেয়ার রোডে তিনটি ১০ তলা মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ভবন রয়েছে, যেখানে মোট ৩০টি ফ্ল্যাট আছে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়