প্রতিমন্ত্রী শাহে আলম বললেন
সংসদে অধ্যাদেশ পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচন
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতীকের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে সংসদে অধ্যাদেশ আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শাহে আলম বলেন, “বিগত সরকারের সময়ে আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় বা দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হয়েছে, যা বিভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। এ অবস্থায় দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করেছে। আগামী ১২ মার্চ অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হবে।”
তিনি বলেন, “সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে আর কোনটি করবে না, সে সিদ্ধান্ত সেদিনই হবে। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে, অধ্যাদেশ আইন আকারে পাশ হলেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।”
সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, “জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এলে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হবে।”
এসময় তিনি সিলেট সিটি করপোরেশনের চলমান ও প্রক্রিয়াধীন প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং সিলেটের জলাবদ্ধতা নিরসন, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী জানান, সুরমা নদী ও বিভিন্ন ছড়া-খাল উন্নয়ন প্রকল্প নতুন করে উপস্থাপন করা হলে মন্ত্রণালয় থেকে তা একনেক বা পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে প্রতিমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
ঢাকা/রাহাত/মাসুদ