ছয় রুটে ফ্লাইট স্থগিত, শাহজালালে যাত্রীর ভিড় নেই
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
স্বাভাবিক সময়ের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় নেই।
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকা থেকে গুরুত্বপূর্ণ ছয়টি রুটে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় নেই।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে যেসকল রুটে ফ্লাইট চালু রয়েছে, সেই রুটের যাত্রীদের অপেক্ষা করতে দেখা গিয়েছে।
বুধবার (৪ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরেজমিন গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের মতো যাত্রীদের ভিড় নেই। যারা বিভিন্ন দেশে থেকে আসছেন, তাঁরা বের হয়ে যাচ্ছেন। সচল থাকা জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট রুটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন।
মদিনাগামী ওমরা হজ যাত্রী মো. ইলিয়াস হোসেন রাইজিংবিডিডটকম-কে বলেন, ‘‘আমি আব্বা-আম্মাকে নিয়ে ওমরা হজ পালনের উদ্দেশ্যে যাব। আমাদের ফ্লাইটের সময় দিয়েছে সন্ধ্যা ৭টায়। এখন নির্ধারিত সময়ে ছাড়বে কি-না সেই টেনশনে আছি। দোয়া করি, আল্লাহ যেন সবকিছু ঠিকঠাক রাখেন।’’
সৌদি আরবের জেদ্দাগামী আরেক যাত্রী ইউসুফ আলী রাইজিংবিডিডটকম-কে বলেন, ‘‘আমি সৌদি আরবের জেদ্দায় ব্যবসা করি। পরিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেশে এসেছিলাম। সন্ধ্যা ৬টায় আমার ফ্লাইট। এখন ঠিক সময় ছাড়বে কি-না সেই চিন্তায় আছি। দোয়া করি দ্রুত যুদ্ধ শেষ হোক। বাংলাদেশের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করে জীবিকা নির্বাহ করে। মধ্যপ্রাচ্যের ভাগ্যের সঙ্গে দেশের অনেক মানুষের ভাগ্যে জড়িত।’’
আজ বুধবার (৪ মার্চ) মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জরুরি বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িকভাবে স্থগিত হওয়া রুটগুলোর যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকেট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।
যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকেট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে এই সেবা নিতে পারবেন। বিমানের ফ্লাইটের বিষয়ে যেকোনো তথ্য জানতে বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) এ যোগাযোগ করতে পারবেন।
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের নিয়ে বিমানের বর্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ঢাকা/রায়হান/বকুল