ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রা: মহাখালীতে রেড ক্রিসেন্টের সেবা, যাত্রীদের স্বস্তি

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১৮ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২৯, ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রা: মহাখালীতে রেড ক্রিসেন্টের সেবা, যাত্রীদের স্বস্তি

ছবি: রাইজিংবিডি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরছেন রাজধানীর মানুষ। শেষ মুহূর্তে বাড়ি ফিরতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে।

এমন পরিস্থিতিতে ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে রাজধানীর বাস টার্মিনালে যাত্রী সেবায় প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র চালু রেখে সক্রিয় রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আরো পড়ুন:

রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এলাকায় তাদের প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র যাত্রীদের জন্য হয়ে উঠেছে তাৎক্ষণিক ভরসার জায়গা।

বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, টার্মিনালের একপাশে অস্থায়ীভাবে বসানো হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা বুথ। লাল পোশাক পরা স্বেচ্ছাসেবকরা ব্যস্ত সময় পার করছেন—কখনো কারো রক্তচাপ মাপছেন, কখনো আবার ছোটখাটো আঘাতের চিকিৎসা দিচ্ছেন। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ আবার ওষুধ নিয়ে আবার যাত্রায় ফিরছেন।

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা শুধু নির্দিষ্ট বুথেই সীমাবদ্ধ নন; তারা টার্মিনালের ভেতর ঘুরে ঘুরে যাত্রীদের খোঁজখবর নিচ্ছেন। কারো অসুস্থতা বা সমস্যা চোখে পড়লেই দ্রুত এগিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুদের সহায়তায় তাদের তৎপরতা বেশি লক্ষ্য করা গেছে।

মহাখালী বাস টার্মিনালে দায়িত্বরত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইনচার্জ (ন্যাশনাল হেডকোয়ার্টার) মালিহা বিনতে মতিন রাইজিংবিডি ডটকমকে বলেন, “অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার মহাখালী বাসটার্মিনালে যাত্রীর চাপ কম। তাই ক্যাজুয়ালটির সংখ্যাও কম রয়েছে। তবে প্রতিদিনই টার্মিনালে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রোজায় নারী ও শিশুরা বেশি অসুস্থত হয়ে থাকে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকি। আজ টার্মিনালে একজন কাজ করতে গিয়ে ডান হাতে আঘাতজনিত ক্ষত নিয়ে আমাদের কাছে এসেছিলেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে পাঠিয়ে দিয়েছি।”

তিনি আরো বলেন, “এবারের ঈদ যাতায়াত ঢাকায় সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, বিমানবন্দর ও সদরঘাটে আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টিম কাজ করছে। আমরা গত ১৬ মার্চ থেকে মহাখালীতে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের শেষ দিন। মহাখালীতে আমরা যারা দায়িত্ব পালন করছি তারা মূলত ন্যাশনাল সদর দপ্তরের তত্বাবধানে রয়েছে। এছাড়া রাজধানীতে আমাদের সিটি ইউনিটও কাজ করে যাচ্ছে।”

এদিকে ঈদের ছুটির দ্বিতীয় দিন বুধবার মানুষের রাজধানী ছাড়ার হিড়িক থামেনি। সকালে মহাখালী টার্মিনালে ময়মনসিংহগামী বাসের কাউন্টারে দেখা যায় দীর্ঘ লাইন। অনেক যাত্রীকে ব্যাগ-লাগেজ নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। নির্ধারিত সময়ে বাস ছাড়তে না পারায় ভোগান্তিও পোহাতে হচ্ছে তাদের।

তবে এমন পরিস্থিতির মধ্যেও রেড ক্রিসেন্টের উপস্থিতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে যাত্রীদের মাঝে। হঠাৎ অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনায় দ্রুত সেবা পাওয়ায় অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মানবিক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন যাত্রীরা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়