ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের ভিড়

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২১ মার্চ ২০২৬  
ঈদের দিন হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের ভিড়

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল ফিতরের দিনে (২১ মার্চ) রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যে নগরবাসীর অন্যতম পর্যটন স্পট হাতিঝিল এলাকায় ভিড় করেছেন বিনোদনপ্রেমীরা। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন বিকেল থেকেই এখানে জড়ো হতে শুরু করেন নানা বয়সী মানুষ। সন্ধ্যার দিকে এ ভিড় আরো বাড়ে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। তবে, স্থায়ী বাসিন্দা ছাড়াও রাজধানীতে রয়ে গেছেন অনেকে। ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছেন তারা। কেউ যাচ্ছেন চিড়িয়াখানায়, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন রাজধানীর হাতিরঝিল এলাকায়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেউবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন। শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ, রামপুরা অংশে ভিড় বেশি দেখা গেছে। এছাড়া, অন্যান্য ওভারব্রিজ ও ফুট ওভারব্রিজে প্রচুর লোকজন দেখা গেছে। হকারদের হাক-ডাকও ছিল লক্ষণীয়। তারা পানি, আইসক্রিম, বাদাম, হাওয়াই মিঠাই বিক্রি করছেন।

অনেকেই ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে, তরুণ-তরুণীদের মধ্যে সেলফি তোলার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। দল বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা গেছে তাদেরকে।

হাতিরঝিলের লেকপাড়, সেতু ও খোলা জায়গাগুলোতে বসে অনেকে গল্প-আড্ডায় সময় কাটাচ্ছেন। কেউ আবার নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। 

রামপুরা ব্রিজ থেকে নেমেই হাতিরঝিলে নৌভ্রমণের জন্য  রয়েছে জেটি। এই অংশে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যায়। অনেকে নৌকায় ওঠার জন্য দীর্ঘ লাইন ধরে আছেন। হাতিরঝিলে বসার ব্যবস্থাও রয়েছে, যেখানে বিভিন্ন স্থান থেকে আগতরা বসে খোশগল্প করছেন।

বনশ্রী এলাকা থেকে সপরিবারে হাতিলঝিলে বেড়াতে আসা শরিফুল ইসলাম বলেন, “এবার ঈদে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। তাই, পরিবারের সদস্যদের নিয়ে একটু সময় কাটাতে হাতিরঝিলে এসেছি। এখানে সময় কাটাতে ভালোই লাগে। এছাড়া, বাচ্চারা ফুচকা-চটপটি খেতে ভালবাসে। সব মিলিয়ে এটা বিনোদনের ভালো জয়গা।”

বন্ধুদের সঙ্গে আসা কলেজ ছাত্র রাফি হাসান বলেন, “বন্ধুদের সঙ্গে প্রতি ঈদেই এখানে আসি। খোলা জায়গা, বাতাস আর আড্ডা—সব মিলিয়ে ভালো সময় কাটে।”

সব মিলিয়ে বলা যায়, ঈদের দিনকে ঘিরে রাজধানীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে হাতিরঝিল। ব্যস্ত নগরজীবনের একঘেয়েমি কাটিয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে এখানে ভিড় করছেন হাজারো মানুষ।

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়