স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা কর্মপদ্ধতি নির্ধারণে কোর কমিটি পুনর্গঠন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে কোর কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে এম ইয়াস্যার আরাফাত এতে স্বাক্ষর করেন।
কোর কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এসএসএফ মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক, আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, এনটিএমসি মহাপরিচালক, র্যাব মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক, এসবি প্রধান, ডিএমপি কমিশনার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।
এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) পদমর্যাদার একজন কর্মকর্তা।
কমিটির কর্মপরিধি উলল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজন অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করবে এবং সে অনুযায়ী সরকারকে অবহিতপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
কমিটি জাতীয় ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে।
কমিটি অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে জড়িত বাহ্যিক নিরাপত্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় মূল্যায়ন করবে।
এই কমিটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক সময়ানুযায়ী প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।
কমিটি প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক আদিষ্ট হলে অন্যান্য বিষয়ের ওপর প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিটি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করবে।
কমিটির কার্যপদ্ধতি সম্পর্কে বলা হয়, এই কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে পারবে। সভাপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই কমিটির সভা আহ্বান করতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে সভার কার্যবিবরণী, সিদ্ধান্ত ও সুপারিশগুলো লিপিবন্ধ করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। সভাপতি প্রয়োজন অনুযায়ী যেকোনো সদস্য বা তার সংস্থাকে নির্দিষ্ট বিষয়ের ওপর কর্মসভার দিতে পারবেন। কমিটির সব কর্মসম্পাদনে, আলোচনায় এবং সিদ্ধান্ত গ্রহণে কঠোর গোপনীয়তা রক্ষা করতে হবে এবং তা কখনই কমিটি বহির্ভূত অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না। শুধু প্রযোজ্য ক্ষেত্রে সভাপতির সম্মতিতে কমিটির সিদ্ধান্ত সীমিত বিতরণ করা যাবে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প