‘২০৩৩ সালের মধ্যে হবে দ্বিতীয় যমুনা সেতু’
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। ২০৩৩ সালের মধ্যে সেতুটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সেতুমন্ত্রী বলেন, “ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। বর্তমান যমুনা সেতু সংকীর্ণ চার লেনের হওয়ায় বিভিন্ন সময়ে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে যমুনা নদীর ওপর বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন।”
মন্ত্রী জানান, সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলমান রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, “সম্ভাব্যতা সমীক্ষা শেষে অ্যালাইনমেন্ট চূড়ান্ত করা হবে। সমীক্ষায় অর্থনৈতিক, কারিগরি ও পরিবেশগত দিকগুলো বিশ্লেষণ করা হচ্ছে।”
ঢাকা/এএএম/ইভা