ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:০৮, ২৭ এপ্রিল ২০২৬
রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা 

ফাইল ফটো

চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন (৫৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা নামক এলাকায় নিজ বাড়ির কাছেই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। 

আরো পড়ুন:

নিহত নাছির উদ্দিন কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসেরপাড়া এলাকার বাসিন্দা। তিনি একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন, সর্বশেষ বিএনপির কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সশস্ত্র ব্যক্তি নাছিরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, মাটি ও পাহাড় কাটাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত হিসেবে এলাকায় ডাকাত আলম নামে পরিচিত এক ব্যক্তির সঙ্গে নিহতের দ্বন্দ্বের কথা উঠে এসেছে।

পুলিশ সূত্র জানায়, নিহত নাছিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে একই উপজেলায় শুক্রবার রাতে আরেক বিএনপি সমর্থক কাউসারুজ্জামান গুলিতে নিহত হন। পরপর দুই হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল জানান, নিহত নাছির উদ্দিন একসময় যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এখন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান।”

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাজান বলেন, “ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন ছিল। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।”

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, রাতে বৃষ্টির পরপরই ঘটনাটি ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা গুলিবিদ্ধ নাছিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়