‘জন্মের পর আমাকে দেখতে প্রথম হাসপাতালে এসেছিলেন ইন্দিরা গান্ধী’
ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের পারিবারিক সম্পর্ক ছিল। এ অভিনেত্রী জানিয়েছেন, তার জন্মের পর হাসপাতালে প্রথম দেখতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তার জন্মের আগে থেকেই তাদের পরিবারের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক বলেও জানান এই তারকা অভিনেত্রী।
কয়েক দিন আগে বলিউড বাবলকে সাক্ষাৎকার দিয়েছেন আমিশা প্যাটেল। এ আলাপচারিতায় তার দাদু রজনী প্যাটেলের রাজনৈতিক প্রভাবের কথা ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমার জন্ম। আমাকে দেখতে প্রথমে হাসপাতালে এসেছিলেন ইন্দিরা গান্ধী।”
আমিশা তার দাদু রজনীর রাজনৈতিক প্রভাব ব্যাখ্যা করে বলেন, “আমার দাদু, রজনী প্যাটেল বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করেন। শৈশব থেকেই জওহরলাল নেহেরু ছিলেন তার পথপ্রদর্শক। প্রথমে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন আমার দাদু, পরে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে থাকাকালীন ইন্দিরা গান্ধীর সবচেয়ে কাছের সহযোগী ছিলেন আমার দাদু। তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর প্রধান উপদেষ্টা। কংগ্রেসের কোষাধ্যক্ষ এবং সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন আমার দাদু।”
ইন্দিরা গান্ধী আমিশার দাদুর পরামর্শ না নিয়ে কখনো কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। এ তথ্য উল্লেখ করে আমিশা প্যাটেল বলেন, “আমার দাদুও ভারতজুড়ে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। আমাদের পরিবার বরাবরই রাজনীতিতে খুব সক্রিয়। ওরলির নেহেরু প্ল্যানেটেরিয়ামটি আমার দাদু তার গুরু জওহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধা জানাতে নির্মাণ করেছিলেন। গান্ধী পরিবারের সঙ্গে এর গভীর সংযোগ রয়েছে।”
অমিত প্যাটেল ও আশা প্যাটেল দম্পতির কন্যা আমিশা প্যাটেল। এ অভিনেত্রীর বাবা-মায়ের বিয়ের দিনও চূড়ান্ত করা হয়েছিল ইন্দিরা গান্ধীর ঠিক করা তারিখে। এসব তথ্য স্মরণ করে আমিশা প্যাটেল বলেন, “আমার বাবা-মায়ের বিয়ের তারিখ ইন্দিরা গান্ধীই ঠিক করেছিলেন। পরিবারের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল—তারা কখন অবসর থাকবেন এবং তাদের দেওয়া তারিখের ভিত্তিতে আমার বাবা-মায়ের বিয়ের দিন ঠিক করা হয়েছিল।”
আমিশা প্যাটেলের বাবা-মায়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল দক্ষিণ মুম্বাইয়ের কোলাবার তাজমহল প্যালেসে। দিলীপ কুমার, দেব আনন্দ, প্রখ্যাত চিত্রশিল্পী এম এফ হুসেনও তাদের বাড়িতে প্রায়ই আসতেন।
১৯৭৫ সালের ৯ জুন জন্মগ্রহণ করে আমিশা প্যাটেল। অভিনেতা হৃতিক রোশান অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। হৃতিকের বাবা রাকেশ রোশান পরিচালিত এই সিনেমা ২০০০ সালের ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হৃতিক-আমিশার এই সিনেমা দেশ ও দেশের বাইরে ঝড় তুলেছিল।
ঢাকা/শান্ত