চুম্বন দৃশ্যে অভিনয়ের কারণ ব্যাখ্যা করলেন কাজল
‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজের দৃশ্যে কাজল
বলিউড সিনেমার তারকা অভিনেত্রী কাজল অভিনীত ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজ ২০২৩ সালে মুক্তি পায়। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটে। এ সিরিজে ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্তর সঙ্গে কাজলের চুম্বন দৃশ্য রয়েছে।
অভিনয় ক্যারিয়ারে ৩ দশকের বেশি সময় পার করার পর, কাজল ‘নো-কিসিং’ নিয়ম ভাঙার বিষয়ে মুখ খুলেছেন। লিলি সিংয়ের পডকাস্টে কথা বলতে গিয়ে কাজল জানান, দৃশ্যটি হঠাৎ করেই যোগ করা হয়নি। বরং দৃশ্যটি চরিত্রটির আবেগী যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
এ বিষয়ে ৫১ বছরের কাজল বলেন, “সত্যি বলতে, চরিত্রের সঙ্গে এটি সম্পর্কিত ছিল, যাতে আমি অভিনয় করেছিলাম। এটি শুধু একটি চুম্বন দৃশ্য ছিল না; বরং এটি ছিল সে কী ভাবছিল, কী চাইছিল এবং তার জীবনে কী ঘটেনি—এসবের প্রকাশ।”
চুম্বন দৃশ্যটি বাদ দিলে চিত্রনাট্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেত বলে মনে করেন কাজল। তার ভাষায়—“এটি পুরো চিত্রনাট্যের অবিচ্ছেদ্য একটি অংশ ছিল। দৃশ্যটি বাদ দিলে পুরো চরিত্রের গুরুত্বপূর্ণ একটি অংশ বাদ পড়ে যেত।”
দৃশ্যটি নিয়ে খুব অস্বস্তিতে ছিলেন কাজল। তবে পেশাগত কারণে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ বিষয়ে কাজল বলেন, “দৃশ্যটি করার আগ পর্যন্ত আমি খুব খুব অস্বস্তি বোধ করছিলাম। তত্ত্বগতভাবে বিষয়টি আমার ভালো লেগেছিল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না যে, বাস্তবে এটি করব কি না। শেষ পর্যন্ত আমি মনে করি, এটি পুরোপুরি একটি পেশাগত সিদ্ধান্ত; আর সেই সিদ্ধান্তটি আজ নিতে পারি।”
কাজল সবসময়ই নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। কাজল যখন ক্যারিয়ার শুরু করেন, তখন তিনি তরুণ এবং স্বতঃস্ফূর্ত ছিলেন। অনেক সময় বেশি না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নিতেন, যদিও সব সিদ্ধান্ত সফল হয়নি বলে মত কাজলের।
সিরিজটিতে গৃহবধূ নয়োনিকা সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেছেন কাজল। স্বামীর কেলেঙ্কারির পর আবার আইন পেশায় ফিরে আসেন তিনি। এটি পরিচালনা করেছেন সুপর্ণ ভার্মা। সিরিজটির দ্বিতীয় সিজন গত বছর মুক্তি পেয়েছে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে দেখা যাচ্ছে এটি।
ঢাকা/শান্ত
চাল-চিনিসহ বেড়েছে মাছ, ডিম ও সবজির দাম