ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিবাহবিচ্ছেদের এক যুগ পর জেনিফারের বিয়ের বাদ্য বাজবে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১ মে ২০২৬  
বিবাহবিচ্ছেদের এক যুগ পর জেনিফারের বিয়ের বাদ্য বাজবে?

হিন্দি টিভি সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। টিভি ধারাবাহিকে তার অভিনয় বরাবরই দর্শক উপভোগ করেছেন। করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগতজীবন নিয়ে অনুসারীদের আগ্রহের শেষ নেই। সকলের প্রশ্ন—আবার কবে ‘সিঙ্গেল টু মিঙ্গেল’ হবেন জেনিফার? এ সব চর্চার মধ্যে জোরাল হয়েছে তার বিয়ের জল্পনা।

ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে জেনিফারের নতুন জার্নি নিয়ে জল্পনার সূত্রপাত। অভিনেত্রীর একটি মন্তব্যে গুঞ্জন আরো জোরাল হয়েছে। কী এমন বলেছেন জেনিফার, যা শোবিজ অঙ্গনে হট কেকে রূপ নিয়েছে। একটি ওয়েডিং কোরিওগ্রাফি রিলে এক পুরুষের সঙ্গে জমিয়ে নাচছেন একদল নারী নৃত্যশিল্পী। সেখানে মজার ছলে জেনিফার লিখেন—“একটা ইন্ট্রো লেসন চাই।” ব্যাস, তারপরই সোশ্যাল মিডিয়ায় জেনিফারের বিয়ে নিয়ে গুঞ্জন চাউর হয়। সেলিব্রিটিরা যে কখন চর্চার কেন্দ্রে চলে আসেন, তা বোধহয় তারা নিজেরাও বুঝতে পারেন না। তবে এই অভিনেত্রীর মজার মন্তব্য যে, ভক্তমহলে সিরিয়াস ছাপ ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরো পড়ুন:

 

মূলত, রিলটির ক্যাপশনে লেখা ছিল—“আপনার বিয়ের জন্য এমন কিছু চান? যদি মনে হয়, তাহলে মন্তব্যের ঘরে ড্যান্স লিখবেন। আমি আপনাকে ইন্ট্রো লেসন দিয়ে দেব।” আর সেখানেই কমেন্ট করে ফ্যাসাদে পড়েছেন জেনিফার! সামান্য একটা মন্তব্য এত বড় আকার ধারণ করবে, তা বোধহয় নিজেও আঁচ করতে পারেননি জেনিফার উইনগেট।

 

জেনিফারের এই মন্তব্যের পরই অনুরাগীদের অনুমান, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। এ জন্য নাচের ইন্ট্রো নিয়ে চিন্তিত। জেনিফারের মন্তব্যের পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায় নাচের ভিডিওটি। কমেন্ট বক্সে প্রশ্নের বন্যা বইতে শুরু করে। প্রত্যেকের প্রশ্ন একটাই, জেনিফার সত্যিই বিয়ে করছেন? একজন তো সরাসরি লিখেছেন, “আমি অনেকদিন আগে থেকেই এটা অনুভব করছিলাম, বিশেষ করে উনার সিঙ্গাপুরে বারবার যাওয়ার কারণে। কিন্তু, ভুল প্রমাণিত হলে কী হবে...।”

 

বিয়ের প্রস্তুতির জন্য ওয়েডিং ফটোগ্রাফারকে ফলো করছেন জেনিফার, এমনটাই মনে করছেন অভিনেত্রীর অনুসারীরা। গুঞ্জন উড়ছে, সিঙ্গাপুর প্রবাসী উইলিয়াম ইসমাইলের সঙ্গে প্রেম করছেন জেনিফার। অনেক দিন ধরে তাদের প্রেম নিয়ে চর্চা চলছে। যদিও ব্যক্তিগত জীবনকে লাইমলাইটে আনার ঘোর বিরোধী করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রী।

 

২০১২ সালের ৯ এপ্রিল, করণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। একসঙ্গে কাজ করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন। ২০১৪ সালে ভেঙে যায় এই সংসার। ২০১৬ সালে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে নতুন অধ্যায় শুরু করেন করণ। স্ত্রী ও একমাত্র কন্যা দেবীকে নিয়ে দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন এই অভিনেতা।

 

করণের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, “আমার আলাদা হওয়ার বিষয়টি সকলের সামনে চলে এসেছিল। অথচ আমি তখন সোশ্যাল মিডিয়াতেই ছিলাম না। আমাদের সম্পর্কে অনেকে অনেক খারাপ কথা বলছিল। বিষয়টি আমাদের দু’জনের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার মতো ছিল। সময়টা খুব কঠিন ছিল, নিজেকে সামলাতে অনেকটা সময় লেগেছিল। তবে কাজই আমাকে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছিল।”

 

জেনিফারের সঙ্গে নাম জড়িয়েছে ‘দিল মিল গ্যায়ে’সহ অভিনেতা করণ ওয়াহির। যদিও অভিনেতা এই ধরনের গুঞ্জন উড়িয়ে ‘সস্তা প্রচার’ বলে ফুঁসে উঠেছিলেন। সেই সঙ্গে সাফ জানিয়ে দেন, তারা ভালো বন্ধু ব্যতীত আর কিছু নন। তবে রিল ভিডিওতে মন্তব্যের পর সিঙ্গাপুর প্রবাসী উইলিয়াম ইসমাইলের সঙ্গে জেনিফারের প্রেমচর্চা সোজা পৌঁছে গিয়েছে বিয়ের জল্পনায়।

 

জেনিফার উইনগেট তার অভিনয়জীবনে একাধিক টিভি ধারাবাহিকে কাজ করেছেন। ঝুলিতে রয়েছে—কসৌটি জিন্দেগি কে, কুসুম, দিল মিল গ্যায়ে-সহ বহু মেগা ধারাবাহিক। ওটিটি প্ল্যাটফর্মে ‘কোড এম’-এর মতো প্রজেক্টেও কাজ করেছেন জেনিফার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়