ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চা-স্টল ওষু‌ধের দোকানেও মাদক পাওয়া যায়: জিএম কা‌দের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৫ মার্চ ২০২৩  
চা-স্টল ওষু‌ধের দোকানেও মাদক পাওয়া যায়: জিএম কা‌দের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মাদক প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করে বিনা বিচারে অনেককে হত্যা করা হয়েছে। কিন্তু মাদক নির্মূল করা যায়নি। এখন চা-স্টল ওষু‌ধের  দোকানেও মাদক পাওয়া যায়।

বুধবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার নুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মাদক প্রতিরোধ ও কল্যাণ সোসাইটি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ‌তি‌নি এসব কথা বলেন।

ব্যবসায়ীরা এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে দা‌বি ক‌রে জিএম কা‌দের বলেন, তারা-ই এখন রাজনী‌তির সর্বেসর্বা। আবার মাদকের ব্যবসা সবচেয়ে লাভজনক। তাই দেখা যায়, ব্যবসায়ী রাজনীতিবীদ ও প্রভাবশালীরাই মাদক বিস্তারে পৃষ্ঠপোষকতা করছে। এ কারণেই দেশে মাদ‌কের বিস্তার কমছে না।

এ ছাড়া, দে‌শের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা কর‌ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তি‌নি ব‌লেন, মনে হচ্ছে দেশ একটি একটি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি যে অবস্থানে আছে, সেখান থেকে তাদের আর ফিরে আসার সুযোগ নেই। যে দল সরে যাবেন সেই দলই যেন বিলীন হয়ে যাবে। আবার, যে দল পরাজিত হবে সেই দলের যেন মৃত্যু হবে। এই বাস্তবতায় একটা বড় ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

তি‌নি ব‌লেন, আমরা সুশাসন প্রতিষ্ঠিত করতেই রাজনীতি করছি। শান্তিপূর্ণ পরিবেশেই যেন ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা থাকে। লজ্জার বিষয় হচ্ছে, এতদিনেও আমরা শান্তিপূর্ণ পরিবেশে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারিনি। তাই স্বাভাবিকভাবে কেউ ক্ষমতা হস্তান্তর করতে চায় না। 

ইভিএমে নির্বাচন জাতীয় পা‌র্টি চায় না উল্লেখ ক‌রে জিএম কা‌দের ব‌লেন, ইভিএমে নির্বাচনে কারচুপির সুযোগ আছে। আমরা মনে করি, যারা নির্বাচনের সাথে জড়িত তারা দলীয়করণের মধ্যেই আছেন। তাদের হাতে ইভিএমের রেজাল্ট পরিবর্তন করা সম্ভব হবে। আমরা মনে করি, ইভিএম’র মাধ্যমে ভোটের ফল বদলে দেওয়া যায়।

পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, মাদকের বিস্তার রোধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবার থেকেই মাদক প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। আমরা জাতিকে ধ্বংস হতে দেব না। জাতি রক্ষায় মাদকের বিস্তার রোধে পাড়া-মহল্লায় কমিটি গঠন করতে হবে।

মাদক প্রতিরোধ ও কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মাদক প্রতিরোধ ও কল্যাণ সোসাইটির মো. খসরু।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়