ফল গণনা দেরি হওয়ার কারণ নেই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ফল দ্রুতই হবে বলে প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
সাংবাদিকের এক প্রশ্নে তিনি বলেন, “ফল দিতে কেন দেরি হবে, দেরি হওয়ার তো কোনো কারণ নেই। সমগ্র দেশের মানুষ যেখানে দ্রুত ফল চান। আমরা আশা করব, নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত নির্বাচনের ফল জানতে পারে।”
তারেক রহমান বলেন, “গতকাল থেকেই কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, যা ভোটের পরিবেশকে ব্যাহত করতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে।”
ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে তারেক রহমান বলেন,“আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী।”
তিনি অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল এখনও অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তবে বিএনপি চায় না এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্রই টিকবে না।”
নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, সবাই একসঙ্গে কাজ করব।”
হেরে গেলে ফল মেনে নেবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন যদি নিরেপক্ষ হয়, সুষ্ঠু হয় তাহলে অবশ্যই মেনে নেব। এখানে একটি শর্ত আছে, নির্বাচন অবশ্যই নিরেপক্ষ হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্খিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না।”
ঢাকা/আলী/ইভা