ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো নাহিদ ইসলামের

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
তারেক রহমানের সঙ্গে কী কথা হলো নাহিদ ইসলামের

সৌজন্য বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার রাতে তারেক রহমান তার বাসভবনে যান।

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া দলের নেতা হিসেবে জুলাই অভ্যুত্থানের ধারায় গড়ে ওঠা এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বর্তমানে দেশের বৃহত্তম দলের নেতা হিসেবে রাজনৈতিক সৌহার্দের বার্তা নিয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) নাহিদের বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে শুভেচ্ছা জানান তিনি। ফুল, শাপলা কলির প্রতিকৃতি ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ আনাসের চিঠি শুভেচ্ছা উপহার হিসেবে তারেক রহমানের হাতে তুলে দেন এনসিপির এই প্রধান নেতা। 

সৌজন্য সাক্ষাতে তারেক রহমান ও নাহিদের মধ্যে কী কথা- তা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। 

সাক্ষাতে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান জামায়াতের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্য গড়ে ভোট করা এনসিপি নেতা নাহিদ ইসলাম। 

সৌজন্য বৈঠকে নির্বাচনোত্তর নোয়াখালীর হাতিয়া, পঞ্চগড়সহ সারা দেশে হামলা ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি। 

চব্বিশের জুলাই-আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় কার্যকরসহ বিগত সময়ের সব হত্যাকাণ্ডের বিচার অব্যাহত রাখতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান নাহিদ।

তারেক রহমানকে নাহিদ ইসলাম বলেন, নবগঠিত সংসদে জাতীয় নাগরিক পার্টি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবে। তবে যেকোনো সংকট সমাধানে সংলাপের পথ উন্মুক্ত থাকবে।

ভোটের মাঠে তুমুল বৈরিতাকে পাশে রেখে একসঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের অঙ্গীকার ছিল বিএনপি-এনসিপিসহ সব দলের। বিরোধী নেতাদের বাসায় গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করে তারেক রহমান সেই বার্তাকে আরো জোরালো করলেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এনসিপির পক্ষে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/রাসে”ল

সর্বশেষ

পাঠকপ্রিয়