ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাপলা গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে: আখতার হোসেন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৬ মে ২০২৬   আপডেট: ০৮:৪৬, ৬ মে ২০২৬
শাপলা গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে: আখতার হোসেন 

‘শাপলা গণহত্যা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “শাপলা গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞে সমর্থনকারীদের বিচার নিশ্চিত এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করাতে হবে।”

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলা মটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘শাপলা গণহত্যা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আখতার হোসেন বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার এক দশক ধরে এই শহীদদের ন্যূনতম স্মরণ করার সুযোগ পর্যন্ত দেয়নি। এমনকি নিহতের সংখ্যা প্রকাশ করায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর ওপর রাষ্ট্রীয় জুলুম চালানো হয়েছিল।”

তিনি বলেন, “২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন শাপলার শহীদদের স্মৃতি মন্থন করতে দেওয়া হয়নি। আমি এমন পরিবারকে চিনি, যারা আপন ভাই হারানো সত্ত্বেও সেই তথ্য প্রকাশ করতে পারেনি। কারণ, তথ্য প্রকাশ করলে পরিবারের বাকি সদস্যদের ওপর নেমে আসত রাষ্ট্রীয় নিপীড়ন।”

এনসিপির সদস্য সচিব বলেন, “জুলাইয়ের বিপ্লব একদিনে আসেনি। এটি ছিল বছরের পর বছর ধরে চলা আওয়ামী লীগের বহুমুখী জুলুম, পিলখানা হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের পুঞ্জীভূত ফল। আওয়ামী লীগ হিন্দুদের ওপর ‘সংখ্যালঘু’ হিসেবে এবং মুসলমানদের রাজনৈতিক পরিচয় মুছে দিয়ে নির্যাতন চালিয়েছে। সমাজের এমন কোনো অংশ নেই যারা তাদের ফ্যাসিবাদের শিকার হয়নি।”

জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে কোটা সংস্কারের মতো নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছিল। কিন্তু, মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষয়িক স্বার্থ ছাড়াই শুধু দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে রাজপথে নেমেছিল। তাদের এই ত্যাগকে আলাদাভাবে মূল্যায়ন করা জরুরি।”

ঢাকা/রায়হান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়