উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা করল এনসিপি
রবিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সারজিস আলমসহ অন্য নেতারা
আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১০ মে) বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সারজিস আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেসব থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। আগামী ঈদের আগেই আমরা আশা করছি, এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরো ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে।”
কারা এনসিপির প্রার্থী হতে পারবেন, সে বিষয়ে সারজিস আলম বলেন, “সারা দেশে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা কখনো মানুষের ওপর জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা অপরাধে সম্পৃক্ততা ছিল না; তারা অন্য যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।”
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বলেন, “আমরা সার্বিকভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”
ঢাকা/রায়হান/রফিক