ড্রাগন চাষে শিক্ষকের বছরে আয় ১০ লাখ টাকা
শাহীন রহমান || রাইজিংবিডি.কম
বিদেশি ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃষক বাহার উদ্দিন শেখ। গতানুগতিক ফসল চাষের বৃত্ত থেকে বেরিয়ে এসে নতুন নতুন ফসল চাষে ইতোমধ্যে সৃজনশীল কৃষক হিসেবে সুনাম কুড়িয়েছেন উপজেলার হাজিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃষক বাহার উদ্দিন শেখ।
উৎপাদন যথাযথ হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ঝুঁকি নিয়ে নতুন নতুন ফসল চাষ করে চলেছেন তিনি। লাভজনক হওয়ায় ড্রাগন চাষ সম্প্রসারণ করেছেন। এখন ছড়িয়ে দিতে চান দেশব্যাপী। চাষি বাহার উদ্দিন ক্রমাগত নতুন নতুন চাষে নিজের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি তিনি কৃষকদের পথিকৃত হিসেবে কাজ করে যাচ্ছেন।
কৃষি উদ্যোক্তা বাহার উদ্দিন শেখ বলেন, শিক্ষকতা জীবনে স্বল্প আয়ে চার ছেলে ও দুই মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম। প্রথম দিকে ধান, পাট ও গমের মতো পরিচিত ফসল চাষ শুরু করলেও কয়েক বছর পরেই চাষে বৈচিত্র্য আনি। ধান-পাট বাদ দিয়ে ফল চাষে মনোযোগ দেই। এক সময় টেলিভিশন ও পত্রিকায় ড্রাগন চাষ নিয়ে প্রতিবেদন দেখি। ২০১৭ সালে ৬৬ শতক জমিতে ড্রাগন চাষ শুরু করি। প্রথম বছরে খুব বেশি লাভ না পেলেও পরের বছর নিজের উৎপাদিত চারা দিয়ে ১১২ শতক জমিতে ড্রাগন চাষ করে আর্থিকভাবে বেশ লাভবান হই। ১১২ শতক জমি থেকে প্রতি বছর খরচ বাদে গড়ে প্রায় ৮-১০ লাখ টাকা আয় হচ্ছে।
তিনি আরও বলেন, আমার ছেলে নাজিম উদ্দিন শেখ চাকরি করার সুবাদে ঢাকায় থাকেন। সে ফল গবেষণাগারে খবর নিয়ে চারা সংগ্রহ করে। তারপর ৬৬ শতক জমিতে ড্রাগন চাষ শুরু করি। পরবর্তী সময়ে ভালো ফলন পাওয়ায় আরও ৬৬ শতক জমিতে ড্রাগন চাষ করি। এ ফল চাষে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় খুবই কম। সাধারণত গোবর ও মুরগির বিষ্ঠা প্রয়োগ করা হয়। পাকা ফল ফ্রিজিং বাদেই ১৫ দিন ভালো থাকে। এলাকায় ড্রাগন চাষ ছড়িয়ে দিতে আমি অন্যদের পাঁচ হাজার চারা দিয়েছি।
এদিকে উপজেলার মাজপাড়া গ্রামের জহুরুল ইসলাম নামের এক সৌখিন চাষি বলেন, আমি বাহার উদ্দিন মাস্টারের ড্রাগন বাগান দেখে উৎসাহী হয়ে তার কাছ থেকে পাঁচ হাজার চারা নিয়ে পাঁচ বিঘা ড্রাগন ফলের বাগান করেছি। ড্রাগন চাষে প্রথম বছর খরচ একটু বেশি হয়। পরের বছর থেকে খরচ নেই বললেই চলে। এ বছর গাছের পরিচর্যা, সেচ ও সার বাবদ ৮-১০ লাখ টাকা ব্যয় হলেও প্রথম বছর খরচ বাদ দিয়ে প্রায় ৮-১০ লাখ টাকা আয় করা যাবে।
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রোখশানা কামরুন্নাহার বলেন, বাংলাদেশে এ ফলের চাষ এখনো সেভাবে শুরু হয়নি। আটঘরিয়া উপজেলায় বাহার উদ্দিন মাস্টার নামে একজন চাষি ক্যাকটাস প্রজাতির এ ফলের চাষ শুরু করেছেন। এই ফলটি লাল, হলুদ, গোলাপিসহ বিভিন্ন রঙের হয়। রঙের কারণে অধিক পুষ্টিগুণসম্পন্ন এ ফল চোখকে সুস্থ রাখে, শরীরের চর্বি কমায়, রক্তের কোলেস্টেরল কমায়, উচ্চ রক্তচাপ কমানোসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে।
তিনি আরও জানান, ঢাকায় এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় বাজারেও এ ফল বিক্রি শুরু হয়েছে। চাষিদের হটিকালচারের মাধ্যমে প্রশিক্ষণ এবং ছাদ বাগানের বিষয়ে উৎসাহিত করা হয়। উপজেলার চাষিদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আগামী তিন বছরে কমপক্ষে ৮-১০ হেক্টর জমিতে লাভজনক ড্রাগন ফলের চাষ সম্প্রসারণ করার পরিকল্পনা আছে কৃষি বিভাগের।
পাবনা/মাহি