‘টেকনিকই সবকিছু নয়’, পূজারাকে দ্রাবিড়ের পরামর্শ
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ছিলেন যেকোনো তরুণ ব্যাটসম্যানের জন্য আদর্শ অনুকরণীয়। তাঁর ক্রিকেটীয় ব্যাকরণ মেনে ব্যাটিং, টেকনিক, টেম্পারামেন্ট সব দিক থেকে শেখার সুযোগ আছে। ভারতের বর্তমান টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ চেতশ্বর পূজারার ক্যারিয়ারে দ্রাবিড়ের অবদান আছে ব্যাপকভাবে।
এমনকি দুইজনের খেলার ধরনেও অনেক মিল পাওয়া যায়। পূজার ক্যারিয়ারের শুরুর দিকে দ্রাবিড়ের সঙ্গে কিছু টেস্ট খেলার সুযোগও পেয়েছিলেন। তখন দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন নিজের ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য। আর সেসময় নাকি টেকনিকের রাজা দ্রাবিড় পূজারাকে জানিয়েছিলেন, ক্রিকেটে টেকনিকই সবকিছু নয়। সফল হতে প্রয়োজন আরও অনেক কিছু। এমনকি ক্রিকেট থেকে দূরে থাকাও প্রয়োজন বলে পূজারাকে জানিয়েছিলেন দ্রাবিড়।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে এসব জানান পুজারা। তিনি রাহুল দ্রাবিড়কে নিয়ে বলেন, ‘আমি ছোটবেলা থেকে উনার (দ্রাবিড়) খেলা দেখতাম। আমার যেটা ভালো লাগতো উনি উনার উইকেটের মূল্য বুঝতো। লড়াই করে যেত। আমি ১৩ বছর বয়সে উনার ভক্ত হয়ে যাই।’
২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেক পূজারার। সেই টেস্ট দ্রাবিড়ও দলেই ছিলেন। আর নিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে দলের জয়ে অবদান রেখেছিলেন পুজারা। আর তখন থেকে দ্রাবিড়ের কাছ থেকে শিখেছেন জানিয়ে পূজারা বলেন,
‘রাহুল ভাইয়ের সবচেয়ে ভালো দিক হলো, ক্রিকেটারদের মনস্তত্ত্ব তিনি খুব ভালো বুঝতেন। আমি সৌভাগ্যবান ছিলাম যে আমার শুরুর সময়টায় তিনি তখনও খেলছিলেন। ক্রিকেটে দীর্ঘ ভ্রমণে তাকে এত কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, তিনি আমাকে বলতে পেরেছিলেন যে আমার অপেক্ষায় কী আছে।’
পূজারা আরও যোগ করেন, তাঁর টেম্পারামেন্ট ও টেকনিক দুর্দান্ত। তবে আমার তরুণ বয়সে তিনি আমাকে বুঝিয়েছিলেন, টেকনিকই সবকিছু নয়। আরও অনেক কিছু আছে সফল হওয়ার জন্য। আমিও ধীরে ধীরে বুঝতে পেরেছি, টেকনিক প্রয়োজন, কিন্তু পাশাপাশি আরও অনেক কিছু আছে।’
এছাড়াও ক্রিকেট এবং ক্রিকেটের বাইরের জীবন সম্পর্কেও পূজারাকে শিখিয়েছিলেন দ্রাবিড়। এ নিয়ে পূজারা আরও বলেন, ‘আরেকটি কারণে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে এটা বুঝতে সাহায্য করেছিলেন যে ক্রিকেট থেকে মাঝেমধ্যে দূরে থাকাও জরুরি। তাঁর এই পরামর্শকে আমি অনেক মূল্য দেই। অনেকেই মনে করে, আমার মন শুধুই ক্রিকেটে। হ্যাঁ, অবশ্যই ক্রিকেটে আমি মনোযোগী। তবে এটাও জানি, কখন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়। ক্রিকেটের বাইরেও জীবন আছে।’
ভারতের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ পুজারা ৭৭ টেস্ট ১৮টি শতকে প্রায় ৬ হাজার রান করেছেন।
ঢাকা/কামরুল
রাইজিংবিডি.কম