সালাহ-মানেদের গোল উৎসবে শীর্ষে লিভারপুল
ক্রীড়া ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের শীর্ষে ওঠার লড়াইটা চলছেই। মৌসুমের শেষ মুহূর্তে শিরোপা ঘরে তুলতে দুই দলের মধ্যকার প্রতিযোগিতা উন্মাদনা ছড়াচ্ছে। গতকাল হুদার্সফিল্ড টাউনকে উড়িয়ে দিয়ে ফের লিগ টেবিলের শীর্ষে উঠেছে ইয়ুর্গেন ক্লুপের লিভারপুল।
আনফিল্ডে গতকাল হুদার্সফিল্ড টাউনকে আতিথ্য দেয় লিভারপুল। নিজেদের মাঠে লিভারপুলের হয়ে জোড়া গোল পেয়েছেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। তাদের সঙ্গে একটি গোল পেয়েছেন নাকি কেইতা। তাদের গোল উৎসবের দিনে হুডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডসরা।
চেনা মাঠে বল মাঠে গড়ানোর প্রথম মিনিটেই গোলের দেখা পায় লিভারপুল। এ সময় কেইতার গোলে এগিয়ে তারা। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে ডি-বক্সে বাড়ান সালাহ। প্লেসিং শটে গোলটি করেন গিনির মিডফিল্ডার। ম্যাচের ২৩ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের বাড়ানো দারুণ ক্রসে হেডে বল জালে পাঠিয়ে সাদিও মানে ব্যবধান দিগুণ করেন। আর বিশ্রামে যাওয়ার আগে সালাহর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে জর্ডান হেন্ডারসনের ক্রসে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। ৮৩তম মিনিটে রবার্টসনের পাস ছোট ডি-বক্সে পেয়ে অনায়াসে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন সালাহ। তার গোলের পর জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।
এবার ২১ গোল নিয়ে ইংলিশ লিগে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন সালাহ। ২০ গোল নিয়ে তার পরেই রয়েছেন ক্লাব সতীর্থ সাদিও মানে। সমান ১৯টি করে গোল করে সার্জিও আগুয়েরো ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং তৃতীয় স্থানে রয়েছেন।
৩৬ ম্যাচে ২৮ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৯১। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/শামীম
রাইজিংবিডি.কম