ফরহাদ রেজা যাচ্ছেন আয়ারল্যান্ড
ফরহাদ রেজা
ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করা ফরহাদ রেজা জাতীয় দলে ডাক পেয়েছেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে নেওয়া হয়েছে ডানহাতি পেস অলডাউন্ডারকে।
বাড়তি একজন পেসারকেও নেওয়া হচ্ছে আয়ারল্যান্ডে। নির্বাচকদের ভাবনায় আছে দুই নাম- তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। ডানহাতি এ দুই পেসারের যেকোন একজন বসবেন বেলফাস্টের বিমানে। বিশ্বকাপের ১৫ সদস্যর দলের সঙ্গে এমনিতেও যাচ্ছেন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও স্পিনার নাঈম হাসান।
সদ্য সমাপ্ত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৩৯ উইকেট পেয়েছেন ফরহাদ রেজা। ব্যাটিংয়ে রান করেছেন ২০৭টি। এর আগে লিগের টি-টোয়েন্টি লিগে ৪ ম্যাচে ১১ উইকেট ও ২২৭.৬৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১০৭টি।
৩৪ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলা ফরহাদ শেষবার জাতীয় দলের ড্রেসিংরুমে ঢুকেছেন ২০১৪ সালে। খেলেছিলেন হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ। এরপর জাতীয় দল থেকে অনেকটা দূরে সরে যান এ ৩২ বছর বয়সি এ ক্রিকেটার।
গত বিপিএল থেকে আবার ফরহাদ রেজা লাইমলাইটে আসেন। রংপুরের হয়ে দারুণ পারফরম্যান্স করে নিজেকে নতুনভাবে মেলে ধরেন রাজশাহীর এ ক্রিকেটার। ধারাবাহিক পারফরম্যান্সে এবার জাতীয় দলে ঢুকলেন ফরহাদ।
রোববার জাতীয় দলের অনুশীলন শুরু হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলের অনুশীলন জার্সি গায়ে উঠবে তার।
পহেলা মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। ত্রিদেশীয় সিরিজে ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফাইনাল খেললে ত্রিদেশীয় সিরিজে পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/ইয়াসিন/আমিনুল
রাইজিংবিডি.কম
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার