আয়ারল্যান্ড সিরিজের দলে যুক্ত হলেন ফরহাদ-তাসকিন
ক্রীড়া প্রতিবেদক : অলরাউন্ডার ফরহাদ রেজা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন, তা জানা গিয়েছিল আগের দিনই।
আজ দুপুরে বিসিবিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ফরহাদের সঙ্গে আয়ারল্যান্ড সিরিজের দলে যুক্ত করা হয়েছে পেসার তাসকিন আহমেদকেও।
পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাসকিনের। আয়ারল্যান্ড সিরিজেও ছিলেন না তিনি, ছিলেন না ফরহাদও। নিয়মিত খেলোয়াড়দের চোট সমস্যার জন্যই মূলত তাদের দলে যুক্ত করা হয়েছে।
বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে এমনিতেও আয়ারল্যান্ড যাচ্ছেন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বী ও অফ স্পিনার নাঈম হাসান। এবার বাড়তি আরো দুজন যোগ হওয়ায় আয়ারল্যান্ড সিরিজের দল হলো ১৯ জনের।
সদ্য সমাপ্ত ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৩৮ উইকেট পেয়েছেন ফরহাদ। ব্যাটিংয়ে করেছেন ২০৭ রান। এর আগে তিনি প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৪ ম্যাচে ১১ উইকেট ও ২২৭.৬৫ স্ট্রাইক রেটে রান করেন ১০৭।
৩৪ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলা ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২০১৪ সালের মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবশেষ ওয়ানডে খেলেছেন আরো তিন বছর আগে ২০১১ সালের ডিসেম্বরে।
তাসকিন সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে। গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নিউজিল্যান্ড সফরে টেস্ট ও ওয়ানডে দুই দলেই সুযোগ পেয়েছিলেন ডানহাতি পেসার। কিন্তু বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে শেষ ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন।
সেই চোট কাটিয়ে তিনি মাঠে ফিরে বিশ্বকাপ দল ঘোষণার আগে প্রিমিয়ার লিগে খেলেন একটি ম্যাচ। কিন্তু তার ফিটনেস দেখে সন্তুষ্ট না হওয়ায় তাকে ছাড়াই বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করেন নির্বাচকরা।
দল ঘোষণার পর মিরপুরে সংবাদমাধ্যমের সামনে তাসকিনের কান্নার দৃশ্য ‘ভাইরাল’ হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। লিগে পরে আরো দুই ম্যাচে ৬ উইকেট নেওয়া ২৪ বছর বয়সি পেসার ফিটনেসের প্রমাণ দিয়েই আয়ারল্যান্ড সিরিজের দলে যুক্ত হলেন।
আগামী ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।
বিশ্বকাপ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।
আয়ারল্যান্ড সিরিজের বাড়তি চারজন: ইয়াসির আলী রাব্বী, নাঈম হাসান, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।
রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম