আগুয়েরোর গোলে শিরোপার দৌড়ে শীর্ষে সিটি
ক্রীড়া ডেস্ক: শিরোপার লড়াইয়ে আবারও এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে জয়ে লিভারপুলকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ টার্ফ মুর স্টেডিয়ামে বার্নলির মুখোমুখি হয় ম্যানসিটি। ওই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি। সিটিজেনদের হয়ে জয়সূচক এ গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। লিগে নিজেদের শেষ দুটি ম্যাচে শতভাগ জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে তারা।
প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরলেও গোলের জন্য আজ বেশ সংগ্রাম করতে হয়েছে ম্যানসিটিকে। স্বাগতিকদের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য হাহাকার করতে দেখা গেছে তারকা সমৃদ্দ দল সিটিকে। যদিও বল দখলে এ সময় এগিয়ে ছিল দলটি।
বিশ্রাম শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক রূপে দেখা গেছে সিটিকে। ফলে ম্যাচের ৬৩তম মিনিটে চ্যাম্পিয়নদের গোল উপহার দেন সার্জিও আগুয়েরো। ডি-বক্সের সামান্য বাইরে থেকে করা বের্নার্দো সিলভার ক্রসে ছোট ডি-বক্সের মুখে বল পান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। চলতি লিগে আর্জেন্টাইন তারকার এটি ২০তম গোল।
ইংলিশ লিগ শিরোপা ঘরে তোলার দৌঁড়ে লিভারপুলের সঙ্গে লম্বা সময় ধরে প্রতিযোগিতায় রয়েছে ম্যানসিটি। এক ম্যাচে ম্যানসিটি জিতে টেবিলের শীর্ষে যায় তো; পরের ম্যাচে লিভারপুল। সেই লড়াই শেষ হতে আর বাকি দুই ম্যাচ। নিজেদের শেষ দুই ম্যাচে কোনো অঘটন ঘটলে শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারে সিটিজেনদের। শিরোপায় কড়া দৃষ্টি রেখে লিগে এ নিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত রইল ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি।
৩৬ ম্যাচে টেবিলের শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯২। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে ইয়ুর্গেন ক্লুপের লিভারপুল। আর ৭০ পয়েন্ট নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে আছে টটেনহাম হটস্পার ।
রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/শামীম
রাইজিংবিডি.কম