এটাই আমার শেষ বিশ্বকাপ : মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক: মিরপুরে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলন। বিশ্বকাপকে ঘিরে সংবাদ সম্মেলন। তাইতো পুরো সংবাদ সম্মেলন কক্ষ টইটুম্বুর। স্টেডিয়ামে হাজির মাশরাফির ভক্তরাও।
নিজের চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মাশরাফি প্রথম বাংলাদেশি হিসেবে নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। বলা হচ্ছিল এটাই মাশরাফির শেষ বিশ্বকাপ। আজ সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই বলে দিলেন এটাই তার শেষ বিশ্বকাপ।
‘সম্ভবত না, এটাই আমার শেষ বিশ্বকাপ। আলাদা করে নিজেকে তৈরি করার কিছু নেই। বিশ্বকাপে এটাও আবার একটা চাপ। আমার কাছে মনে হয় না আলাদা করে তৈরি হয়ে ওখানে কিছু করতে পারব। খেলোয়াড় হিসেবে আমাকে পারফর্ম করতে হবে। অবশ্যই অধিনায়কত্বটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমার যে দায়িত্বটা আছে সেগুলো চেষ্টা করব পুরোপুরি ঠিক করার'- বলেছেন মাশরাফি।
নিজেদের চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশের চার ক্রিকেটার। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। নয়তো পাঁচটি বিশ্বকাপ খেলা হয়ে যেত নড়াইল এক্সপ্রেসের।
২০০৩ সালের পর ২০০৭, ২০১৫ বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। ২০১৫ বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক। এবার ইংল্যান্ড বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। ২০০৭ বিশ্বকাপে মুশফিক, সাকিব ও তামিমের পথচলা শুরু। ত্রিরত্নের সেটাই ছিল প্রথম বিশ্বকাপ।
ওই বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে মোট ২১টি ম্যাচ খেলেছে। প্রতিটিতেই ছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবারের বিশ্বকাপেও দেখা যাবে তাদেরকে। ‘চতুষ্টয়’- এবার চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায়।
ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে জড়ানো মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। চতুষ্টয়ের একসঙ্গে তৃতীয় ও শেষ বিশ্বকাপ। এমন মঞ্চে মাশরাফির জন্য বিশেষ কিছু করতে চান মুশফিকুর রহিম।
‘এটাই একসাথে হয়তো বা আমাদের শেষ বিশ্বকাপ হতে পারে। মাশরাফি ভাই যদি এরপরে আর বিশ্বকাপ খেলতে না পারে এটাই আমাদের এক সঙ্গে শেষ বিশ্বকাপ। আমি চাই…আমরা সবাই চাইব মাশরাফি ভাই’র জন্য হলেও যেন বিশেষ কিছু করতে পারি। যেটা কি না স্মরণীয় হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় সুযোগ। একই সাথে আমাদের সুযোগও অনেক বেশি আছে এই বিশ্বকাপে ভালো করার।’ – বলেছেন মুশফিক।
বিশ্বকাপে মাশরাফির ১৬ ম্যাচে রান ১৬৫, উইকেট ১৮টি।
রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/ইয়াসিন/শামীম
রাইজিংবিডি.কম