বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়াটা হবে বড় অর্জন : মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়কের মতে, সেমিফাইনালে যেতে পারলে সেটা হবে বড় অর্জন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেটাই এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য। এবারের বিশ্বকাপের ফরম্যাটটা যদিও পুরোপুরি ভিন্ন। ১০ দলের এই টুর্নামেন্ট হবে ১৯৯২ বিশ্বকাপের আদলে। যেখানে সিঙ্গেল-লিগ ফরম্যাটে প্রাথমিক পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেরা চার দল উঠবে সেমিফাইনালে। মাশরাফির লক্ষ্য আপাতত সেমিফাইনালে যাওয়া।
বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগে সোমবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘অসম্ভব কোনো কিছুই না। অবশ্যই সম্ভব (সেমিফাইনালে যাওয়া)। তবে কঠিন, অনেক কঠিন। এর আগে বিশ্বকাপ যেরকম ছিল, গ্রুপ পর্বে একটা বড় দলকে হারাতে পারলে যেটা হতো তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যেত। লিমিটেড ম্যাচ ছিল। এখানে নয়টা ম্যাচ। যারা প্রত্যাশা করছে সেমিফাইনাল খেলবে তাদের ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ থাকবে। আমাদেরকে ওই জায়গাটা খেয়াল রাখতে হবে।’
‘এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের সেমিফাইনালে যাওয়া খুব বড় চ্যালেঞ্জ। এর আগে যেটা বলতাম যে, সেমিফাইনাল গেলে একটা একটা ম্যাচ। এখনো তাই বলতে হচ্ছে। সেমিফাইনালে যদি যেতে পারি, অনেক বড় অর্জন হবে। কারণ এবারের ফরম্যাট সেই ৯২’র মতো, যা খুব কঠিন। সেমিফাইনালে যাওয়া অনেক বড় অর্জন। আমরা অনেকবার সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরেছি। আগে সেমিফাইনালে যদি যাই, তাহলে বড় অর্জন হবে। তারপর ঐ নির্দিষ্ট দিনে ভালো খেলা গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপে পুরো এক মাসে খেলতে হবে নয়টা ম্যাচ। ধারাবাহিকতা ধরে রাখা তাই বেশ কঠিন। আবার একটি ম্যাচে খারাপ করলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগও থাকছে। মাশরাফি তাই মানসিক প্রস্তুতিটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, ‘নয়টা ম্যাচে, আমার মনে হয় প্রতিটা দলের খারাপ-ভালো দিয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো। যেটা যাবে সেটা তো আর ফিরে আসা সম্ভবও না। এটা নিয়ে আমরা আলোচনাও করেছি।’
‘বিশ্বকাপে এক মাসে নয়টা ম্যাচ খেলতে হবে। এখানে প্রতিটা ম্যাচ আমাদের জন্য সমান যাবে না। যেটা ম্যাচ খারাপ যাবে পরের ম্যাচে যেন সেই রেশটা না থাকে। এই প্রস্তুতি নিয়ে কথা বলছি। এটা আসলে মানসিক ব্যাপার। আমাদের আরো কথা বলতে হবে। আরো প্রস্তুত হতে পারি এবং নিশ্চিত করতে পারি যেন আমরা সেরাটা দিতে পারি প্রতি ম্যাচে। অনেক সময় ম্যাচ হারলেও সেরাটা দিতে পারলে পরের ম্যাচে মন চায় যে আরো বেশি কিছু করি। এটা গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে ভালো সুযোগ হিসেবে দেখছেন মাশরাফি, ‘আমরা প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডকে বেছে নিয়েছি। সেখানকার উইকেট খুব গুরুত্বপূর্ণ। যেই উইকেটটা ইংল্যান্ডে থাকবে সেটা যেন পাই। আর সেখানে প্রত্যেকটা ম্যাচ জয় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য আলাদা সুবিধা হবে যদি আমরা এখান থেকে জিতে ওখানে যেতে পারি।’
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মাশরাফির দল।
রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম