ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ্যাশেজ দিয়ে আজ পর্দা উঠছে টেস্ট চ্যাম্পিয়নশিপের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩১, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাশেজ দিয়ে আজ পর্দা উঠছে টেস্ট চ্যাম্পিয়নশিপের

ক্রীড়া ডেস্ক : ১ আগস্ট ক্রিকেট ইতিহাসের একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। কারণ, এদিন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের মধ্য দিয়ে পর্দা উঠবে বহুল প্রত্যাশিত ও প্রথমবারের মতো আয়োজিত টেস্ট চ্যাম্পিয়নশিপ তথা টেস্ট ক্রিকেটের বিশ্বকাপের। টেস্ট ক্রিকেটের মহত্ব ও টেস্ট ক্রিটেককে জাগিয়ে তুলতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে আইসিসির সময়োপযোগী সিদ্ধান্ত।

প্রথম বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি এখনো বেশ টাটকা ইংল্যান্ডের জন্য। ১৪ জুলাই ঘরের মাঠে রুদ্ধশ্বাস ও নাটকীয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে রুট-স্টোকসরা। সেই সুখস্মৃতি নিয়ে আজ বৃহস্পতিবার তারা অ্যাশেজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে মাঠে নামবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় এটার গুরুত্ব থাকবে অন্যরকম। যেহেতু ১২০ পয়েন্টের সিরিজ, সেহেতু জয়ের জন্য উভয় দলই মরিয়া হয়ে খেলবে। গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে এই ম্যাচের দিকে।

বিশ্বকাপ জয়ের পর পরই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নেমেছিল ইংলিশরা। অবশ্য তাদের শুরুটা ভীষণ নড়বড়ে হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয়। সেই আত্মবিশ্বাস নিয়েই এজবাস্টনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়া দল পুরো শক্তি নিয়েই ইংল্যান্ডে এসেছে। তাদের দলে ফিরেছে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও টিম পেইন। তারা প্রস্তুত এবং জয়ের জন্য তাদের ক্ষুধা তীব্র।

 

ইংল্যান্ডের টপ অর্ডারের সমস্যা দূর করতে অধিনায়ক জো রুট তিনে ব্যাট করতে নামতে পারেন। সেক্ষেত্রে জো ডেনলি আসবেন চারে। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়ে যেতে পারত জোফরা আর্চারের। যিনি বিশ্বকাপে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। কিন্তু ইনজুরির সমস্যার কারণে সেটা বিলম্বিত হচ্ছে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ক্রিস ওকস।

অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার অনুশীলনের সময় বলের আঘাতে মাঠ ছেড়েছিলেন। তবে তিনি প্রথম ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট আছেন। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে উসমান খাজা ও জেমস প্যাটিনসন থাকছেন প্রথম টেস্টের সেরা একাদশে। উদ্বোধনী জুটিতে ওয়ার্নারের সঙ্গী হিসেবে ক্যামেরন ব্যানক্রফট কিংবা মার্কাস হ্যারিসকে নামানো হতে পারে।

প্রথম ম্যাচকে সামনে রেখে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘আমি কেবল এজবাস্টনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের কথা বলব না, আমি পাঁচ ম্যাচ সিরিজের কথা বলব। নিঃসন্দেহে এই সিরিজটি আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। তবে এটা আমরা এমন একটি দল নিয়ে মোকাবেলা করতে যাচ্ছি যারা সবশেষ অ্যাশেজ সিরিজটি জিতেছে।’

 

বেন স্টোকস বলেছেন, ‘উভয় দলই জেতার জন্য মরিয়া। উভয় দলের খেলোয়াড়রাই পারফর্ম করতে মুখিয়ে আছে। কারণ, এটা অ্যাশেজ সিরিজ। যেখানে আপনার পারফম্যান্সের চুলচেড়া বিশ্লেষণ করা হয় এবং বেশি বেশি সমালোচনার শিকার হতে হয়। তবে ভালো করলে বেশ প্রশংসাও পাওয়া যায়।’

সবশেষ অ্যাশেজ সিরিজ দাপটের সঙ্গে জিতেছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সিরিজ বগলদাবা করেছিল ৪-০ ব্যবধানে! তবে ইংল্যান্ডের মাটিতে গেল ১৮ বছর ধরে অ্যাশেজ সিরিজ জিততে পারেনি অজিরা। সবশেষ ২০০১ সালে স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল। এরপর কেটে গেছে দেড় যুগ! এবার পারবে কী ওয়ার্নার-টিম পেইনরা?

সবশেষ দল দুটি মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ২২৩ রানে গুড়িয়ে দিয়ে ৮ উইকেটের ব্যবধানে জিতেছিল।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এজবাস্টনে বৃহস্পতিবার কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট, ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়