বৈধতা পেল উইলিয়ামসনের বোলিং অ্যাকশন
আগস্টে শ্রীলঙ্কা সফর করেছিল নিউজিল্যান্ড। ওই সফরে গল টেস্টে তিন ওভার অফ-স্পিন বোলিংও করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তখন তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। সে কারণে তাকে যেতে হয়েছিল অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে। অক্টোবরে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা করা হয় লাফব্রোতে। অবশ্য সেখানে উতরে গেছেন তিনি। পরীক্ষায় দেখা গেছে তার কুনুই অনুমোদিত ১৫ ডিগ্রির মধ্যেই আছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। এর আগে ২০১৪ সালের জুলাইতে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর উইলিয়ামসন তার অ্যাকশন শোধরান। অ্যাকশন শুধরানোর পর তার রি-অ্যাসেসমেন্ট করা হয় ২০১৪ সালের ডিসেম্বরে। সেখানে উতরে গিয়ে আন্তর্জাতিক ম্যাচে বোলিং করার অনুমতি পান।
এরপর গেল আগস্টে আবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। এবার অবশ্য নিষিদ্ধ হননি তিনি।
কেন উইলিয়ামসন ২০১৯ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তাদের। শিরোপার খুব কাছে গিয়েও জেতা হয়নি। তবে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। বর্তমানে নিউজিল্যান্ড ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। কোমরের ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না উইলিয়ামসন।
ঢাকা/আমিনুল
রাইজিংবিডি.কম