লালা, ঘাম ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
করোনা পরবর্তী সময়ে বল মাঠে গড়ালে বল উজ্জ্বল করার জন্য লালা, ঘাম ব্যবহার করা যাবে না অস্ট্রেলিয়ায়।
মেডিকেল বিশেষজ্ঞ, ক্রীড়া সংস্থাগুলি এবং ফেডারেল এবং রাজ্য সরকারের পরামর্শক্রমে অস্ট্রেলিয়ান ইনিস্টিটিউট অব স্পোর্টস (এআইসি) বল উজ্জ্বল করার জন্য লালা ও ঘাম ব্যবহার করা নিষিদ্ধ করেছে।
টেস্ট ক্রিকেটে এক বলে ৮০ ওভার খেলা হয়। ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য রাখতে বোলাররা বলের এক পাশ চকচকে রাখেন। এজন্য লালার ব্যবহার করে থাকেন। ব্যবহার করা হয় থুতু ও ঘাম। এ ঐতিহ্য বেশ পুরোনো। বল সাইন করা ছাড়া পেসারদের বল করার কথা চিন্তা করা কঠিন। কিন্তু করোনা পরবর্তী সময়ে বল মাঠে গড়ালে বোলার ও ফিল্ডারদের এমন দৃশ্যে নাও দেখা যেতে পারে। খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। এজন্য বল টেম্পারিং বৈধ করার চিন্তা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
জানা গেছে, প্রাকৃতিক উপাদানে নিষেধাজ্ঞা আরোপ করে কৃত্রিম উপাদান ব্যবহার করার অনুমতি দেবে আইসিসি। শিগগিরিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন ক্রিকেটাঙ্গনের বর্তমান ও প্রাক্তন পেসাররা। আইসিসির সিদ্ধান্ত আসার আগে লালা, ঘাম ব্যবহার নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া। পাশাপাশি আরও দুটি বিষয়েও গুরুত্বারোপ করেছে এআইসি।
প্রথমত, বর্তমান ও করোনা পরবর্তী ১৪ দিন সকল প্রকার পেশাদার ও ব্যক্তিগত ট্রেনিং বন্ধ রাখতে হবে।
দ্বিতীয়ত, ব্যাটসম্যানদের নেট বোলার ব্যবহারে সীমাবদ্ধ থাকতে হবে। ফিল্ডিং সবাই করতে পারবে। তবে ওয়ার্মআপের সময় কোনো ব্যক্তির সাহায্য নেওয়া যাবে না। এছাড়া অনুশীলনের সময়ও লালা, ঘাম ব্যবহার করা যাবে না।
মহামারি করোনাভাইরাসের কারণে ক্রীড়াঙ্গনের বেশ কিছু পরিচিত দৃশ্য বদলে যেতে পারে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এরই মধ্যে জানিয়েছে, খেলোয়াড়রা আম্পায়ারের কাছে সোয়েটার বা ক্যাপ রাখতে পারবে না। এবার অস্ট্রেলিয়া নিল বড় সিদ্ধান্ত। একই পথে হাঁটতে পারে আইসিসি। জানা গেছে, কৃত্রিম কোন কাপড়, কোন তন্তু বা বস্তু বল ঘষার জন্য বৈধ করতে পারে আইসিসি। মাঠে থাকা দুই আম্পায়ারের তত্বাবধানে বল ঘষতে পারবেন বোলার বা ফিল্ডাররা।
ঢাকা/ইয়াসিন
রাইজিংবিডি.কম