বাগেরহাটে নির্বাচনি মাঠে ৭ হাজার আনসার সদস্য
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী সমাবেশে বক্তব্য রাখছেন। ছবি: রাইজিংবিডি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলায় নির্বাচনি নিরাপত্তা জোরদারে মাঠে নামছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ হাজার ১১১ সদস্য। জেলার ৫৪৭টি ভোটকেন্দ্রে এসব আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এ উপলক্ষে সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে আনসার সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক এবং বাগেরহাট জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরিফুল ইসলাম।
সমাবেশে জানানো হয়, জেলার প্রতিটি ভোটকেন্দ্রে একজন সরকারি সেকশন কমান্ডারের নেতৃত্বে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে চারজন থাকবেন নারী আনসার, যাতে নারী ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন।
খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আনসার বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। সবাইকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার বাহিনী।
জেলা কমান্ডেন্ট শরিফুল ইসলাম বলেন, বাগেরহাট জেলার সব আনসার সদস্য ইতোমধ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।
সমাবেশ শেষে আনসার সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণ বজায় রেখে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা/আমিনুল/ফিরোজ