‘৭০০ উইকেট কি পাব আমি? নিশ্চয় পাব...’
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
বিশ্বের একমাত্র পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। মঙ্গলবার পাকিস্তানের অধিনায়ক আজহার আলীর উইকেট নিয়ে নতুন ক্লাব খুলেছেন ইংলিশ এ পেসার। পেস বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসন এমনিতেই ছিলেন সবার উপরে। ৬০০ উইকেট নিয়ে নিজেকে নিয়ে গেলে আরো চূড়ায়। যেখানে এখন শুধু তারই রাজত্ব।
৩৮ বছর বয়সি পেসার কি এখন অবসরে যাবেন? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট শেষে গণমাধ্যমে অ্যান্ডারসন জানিয়ে দিলেন, ‘এখন অবসর নেওয়ার সুযোগ নেই। আমি অধিনায়ক জো রুটের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সে আমাকে অস্ট্রেলিয়ায় দেখতে চায় (অ্যাশেজ সিরিজ)। এখনই অবসর নেওয়ার কারণ দেখছি না। আমি ফিটনেস নিয়ে কাজ করছি। নিজের বোলিংয়েও উন্নতি করার চেষ্টা করছি।’
অস্ট্রেলিয়ায় পরবর্তী অ্যাশেজ হবে ১৮ মাস পর। সেক্ষেত্রে প্রায় ৪০-এ মাঠে দেখা যাবে অ্যান্ডারসনকে। শুধু অধিনায়ক জো রুটই নয় ইংল্যান্ডের ম্যানেজমেন্টও তাকে আগামী অ্যাশেজে খেলাতে আগ্রহী। দলেরও দাবি, ‘অ্যান্ডারসনের এখনও অনেক কিছু দেওয়ার আছে।’
তবে এবারের মৌসুমে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন অ্যান্ডারসন। এক প্রশ্নের জবাবে বলেন, ‘যেভাবে পুরো মৌসুমে বোলিং করতে চাচ্ছিলাম সেভাবে পারিনি। তবে শেষ টেস্টে আমি নিজেকে খুঁজে পাই। এখনই মনে হচ্ছে আমার দেওয়ার আরো কিছু আছে। ইংলিশ ক্রিকেটার হয়ে আমি আরও ম্যাচ জিততে চাই।’
অ্যান্ডারসনের বার্তা পরিস্কার। আরো এক বা দুই বছর ২২ গজে কাটাবেন। সেক্ষেত্রে ৭০০ উইকেট পাওয়া কি সম্ভব? ইতিহাস গড়া এ পেসার আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘৭০০ উইকেট কি পাব আমি? নিশ্চয়-ই পাব। প্রথম টেস্ট যখন খেলেছিলাম তখন চিন্তা করিনি যে ৬০০ উইকেট পাব কিংবা আশেপাশ যেতে পারব। আমি নিজেকে ভাগ্যবান এবং গর্বিত মনে করি। দীর্ঘ সময় ধরে আমার প্রচেষ্টার কারণে আমি এখানে আসতে পেরেছি।’
ঢাকা/ইয়াসিন