হাউজ অ্যারেস্ট থেকে মুক্তি মিললো রোনালদিনহোর
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
প্যারাগুয়েতে পাঁচ মাস বন্দী থাকার পর অবশেষে মুক্তি মিললো ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার রোনালদিনহোর এবং তার ভাইয়ের। এর জন্য অবশ্য দুই লাখ ইউএস ডলার জরিমানা গুণতে হয়েছে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি এবং তার ভাইকে।
জাল পাসপোর্ট নিয়ে গেল মার্চে প্যারাগুয়ে প্রবেশের পরে পুলিশের হাতে গ্রেপ্তার হন রোনালদিনহো এবং তার ভাই রবার্তো অ্যাসিস। এরপরে এক মাস জেল হাজতে কাটাতে হয় এই ভাতৃদ্বয়ের। পরবর্তী সময়ে হাউজ অ্যারেস্টে রাখা হয় রোনালদিনহো এবং তার ভাইকে। সেখানে নিজের ৪০তম জন্মদিন পালন করেন এই তারকা ফুটবলার।
এসময়ের মাঝে তারা নিজেদের মামলার শুনানির কার্যক্রম চালান। গত মঙ্গলবার রোনালদিনহো এবং তার ভাই রবার্তো অ্যাসিসের শেষ শুনানির দিন ধার্য করা হয়েছিল। এর আগে এই দুইজনের মুক্তির আশ্বাস পাওয়া যাচ্ছিল। যেখানে কিছু শর্তের কথা বলা হয়েছিল তাদের। রোনালদিনহো এবং অ্যাসিস সেসব শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
ফলে মঙ্গলবারের শুনানি শেষে মুক্তি মিলে এই দুইজনের। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো ২০০২ সালে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়াও বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই এবং ইন্টার মিলানের হয়ে ঘরোয়া লিগ শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন রোনালদিনহো।
ঢাকা/কামরুল