ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের পান্ডিয়া আছে, আমাদের সাকিব আছে: শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২৯ আগস্ট ২০২২   আপডেট: ১১:১০, ৩০ আগস্ট ২০২২
ভারতের পান্ডিয়া আছে, আমাদের সাকিব আছে: শ্রীরাম

যে কোনো দলে কার্যকর অলরাউন্ডার থাকা মানেই এগিয়ে যাওয়া। একজনের কাছেই পাওয়া যায় দুইজনের সার্ভিস। এ জন্য সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশের স্কোয়াড গড়াও কঠিন হয়ে যায়, একাদশতো দূরে। চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটিং-বোলিংয়ে সামনে থেকে পারফর্ম করে দলকে জিতিয়ে দিয়েছেন।

সেই হার্দিককের সঙ্গে বাংলাদেশের টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম তুলনা করলেন সাকিব আল হাসানকে। জানালেন ভারতের পান্ডিয়া আছে, আর আমাদের সাকিব আছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সোমবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে অলরাউন্ডিং পারফরম্যান্স নিয়ে করা প্রশ্নে এমন মন্তব্য করেন শ্রীরাম।

আরো পড়ুন:

শ্রীরাম বলেন, ‘অলরাউন্ডারের ভূমিকা তো টি-টোয়েন্টিতে অনস্বীকার্য। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস তো বেশি আসে না। যে দলে আছে, ব্যালান্স রাখে। কখনো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারবেন, কখনো বোলার। কোথায় যেন পড়লাম, ভারত দলে ১২ জন খেলছে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে বলে। আমাদেরও সাকিব আছে। ৪ ওভার করতে পারে, টপ অর্ডারে ব্যাটিং করে।’

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুজরাট টাইটানসকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক পান্ডিয়া। আর চলতি এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর অন্যতম নায়কও এই অলরাউন্ডার। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই সমান পারদর্শী এই ক্রিকেটার। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৭ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন।

পান্ডিয়ার এমন পারফরম্যান্সের কারণেই সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিক এই প্রসঙ্গ তুলে আনেন। আর বাংলাদেশের প্রসঙ্গ আসতেই আসে সাকিবের নাম। সাকিবও দীর্ঘদিন ধরে ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। গেল বিপিএলে একাই ফরচুন বরিশালকে টেনে তুলেছেন ফাইনালে। আর টি-টোয়েন্টিতে এখন নেতৃত্ব তার কাঁধেই। বিশ্বজুড়ে ঘুরে বেড়িয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় তার অভিজ্ঞতার ভাণ্ডারও বেশ সমৃদ্ধ।

শ্রীরাম সাকিবের প্রশংসা করে বলেন, ‘সাকিব ইন্টেলিজেন্ট ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে মানিয়ে নিতে, প্রতিনিয়ত উন্নতি করতে হবে। আর এই কাজটায় সাকিব দারুণ। লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে পারফরম করছে।’

শুধু তাই নয় সাকিবের এই ভালোর রহস্যও বলে দেন শ্রীরাম, ‘আর পেছনে সিক্রেট একটাই, তারা নিজেদের খেলার উন্নতি করে যায়। উন্নতির মধ্যে দিয়ে বোলার ব্যাটসম্যানকে পরাস্ত করে। যদি সে এটা করে, এর কৃতিত্ব তারই। এই জন্য সে ভালো একজন খেলোয়াড়।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়