পান্তের জীবন রক্ষাকারীকে সম্মানিত করার ঘোষণা
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্তকে উদ্ধার করা সুশীল মানকে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সম্মানিত করার ঘোষণা দিয়েছে উত্তরখন্ড সরকার।
বাস ড্রাইভার সুশীল তার কন্ডাক্টর পরমজিৎকে নিয়ে পান্তকে উদ্ধার করেন। গত শুক্রবার দিল্লি থেকে বাড়ি ফেরার সময় রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে গুরুতর আহত হন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান। নিজেই তার মার্সিডিজ গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর রক্তাক্ত হয়ে গাড়ির মধ্যে আটকা ছিলেন পান্ত। আগুনে ভস্ম হওয়ার আগেই গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে তাকে উদ্ধার করা হয়। সুশীল জানান, ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর গাড়ি তিন থেকে চারবার উল্টাতে থাকে।
দেরাদুনের ম্যাক্স হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন পান্ত। তার অবস্থা স্থিতিশীল। আরও ভালো চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হতে পারে তাকে।
দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক শ্যাম শর্মা জানান, রাস্তায় গর্ত এড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়েন পান্ত। যদিও হরিদুয়ারের এসপি এস কে সিং জানান, গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন এই তারকা ক্রিকেটার।
অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অব মেডিক্যাল সায়েন্সেস জানিয়েছে, পুরোপুরি সুস্থ হতে পান্তের তিন থেকে ছয় মাস সময় লাগবে।
ঢাকা/ফাহিম