পেন্ডুলামে দোলা এজবাস্টন টেস্ট রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায়
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটিই রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায়। আজ মঙ্গলবার শেষ দিনে জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৭৪ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন ৭ উইকেট। কে জিতবে? সেটা অবশ্য নিশ্চিত করে বলা মুশকিল।
সোমবার ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ২৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে অজিরা। ডেভিড ওয়ার্নার ৩৬, মার্নাস ল্যাবুশেন ১৩ ও স্টিভেন স্মিথ ৬ রান করে আউট হয়েছেন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাজা ৩৪ ও স্কট বোল্যান্ড ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। তারা দুজন আজ মঙ্গলবার বিকেলে পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামবেন।
তৃতীয় দিনে বৃষ্টির কারণে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিনে জো রুট, হ্যারি ব্রুক ও বেন স্টোকস প্রতিরোধ গড়লেও তারা আউট হওয়ার পর দ্রুতই অলআউট হয় ইংলিশরা। তারা তিনজন দলীয় সংগ্রহকে ৭৭ থেকে ২১০ পর্যন্ত নিয়ে যান। এরপর ২৭৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছিলেন জো রুট। দ্বিতীয় ইনিংসে একটিও নেই হাফ সেঞ্চুরি।
বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও নাথান লায়ন ৪টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জশ হ্যাজলেউড ও স্কট বোল্যান্ড।
প্রথম ইনিংসে মাত্র ৭৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৩ তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে উসমান খাজার অনবদ্য সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে লিড নিতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। তারা অলআউট হয় ৩৮৬ রানে। ৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ইংল্যান্ড। এবার অবশ্য সুবিধা হয়নি প্রত্যাশামতো। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৩ রানে। তাতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮১ রান।
ঢাকা/আমিনুল