ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসিকে নিয়ে মাশ্চেরানো- ‌‘বিশ্বকাপে খেলবে? অবশ্যই, কেন নয়!’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬
মেসিকে নিয়ে মাশ্চেরানো- ‌‘বিশ্বকাপে খেলবে? অবশ্যই, কেন নয়!’

লিওনেল মেসির ভবিষ্যৎ আর বিশ্বকাপ এই দুই শব্দ একসঙ্গে এলেই ফুটবলবিশ্বে আগ্রহের পারদ চড়ে যায়। সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো। ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না? এই প্রশ্নে কোনো রাখঢাক না রেখেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

কলম্বিয়ায় প্রাক-মৌসুমের একটি প্রীতি ম্যাচে অ্যাতলেতিকো নাসিওনালকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু করেছিলেন মেসি নিজেই। দ্বিতীয়ার্ধে বদলি হওয়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশ্চেরানোকে প্রশ্ন করা হয় ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় কি মেসিকে দেখা যাবে? উত্তরে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “হ্যাঁ, কেন নয়?” এই ছোট্ট বাক্যেই যেন অনেক কিছু বলে দিলেন তিনি।

আরো পড়ুন:

মাশ্চেরানোর মতে, লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দল অনেক দিন ধরেই দারুণ প্রতিযোগিতামূলক ফুটবল খেলছে, “ওদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। একজন আর্জেন্টাইন হিসেবে আমি চাই, আমাদের জাতীয় দল বিশ্বকাপে খুব ভালো করুক।”

ইন্টার মায়ামির বর্তমান প্রেক্ষাপট নিয়েও কথা বলেন মাশ্চেরানো। ২০১৪ বিশ্বকাপের রানার্সআপ কোচ জানান, মেসির কারণেই দক্ষিণ আমেরিকাজুড়ে এমন প্রীতি ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে। “কলম্বিয়ার চ্যাম্পিয়ন দলের বিপক্ষে, তাদের মাঠে, এমন পরিবেশে খেলাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সাধারণত আমরা এমন ম্যাচ খেলি না,” বলেন তিনি।

শুধু মাঠের লড়াই নয়, ব্র্যান্ড হিসেবেও ইন্টার মায়ামির বিস্তারে মেসির ভূমিকা অপরিসীম বলে মনে করেন মাশ্চেরানো। মাত্র ছয় বছরের ক্লাব হয়েও যেখানে যাচ্ছে, সেখানেই জার্সি আর উচ্ছ্বাসে ভরে উঠছে গ্যালারি, “এটা সম্ভব হতো না, যদি লিও এখানে খেলতে না আসত।’’ অকপটে স্বীকার করেন মাশ্চেরানো।

শেষে কোচ হিসেবে নিজের লক্ষ্যও পরিষ্কার করেন মাশ্চেরানো, “এই প্রাক্-মৌসুমের লক্ষ্য লিগ শুরুর আগে সেরা অবস্থায় থাকা। লিও মেসির মতো একজন খেলোয়াড় থাকলে, যেখানেই যাই না কেন, মানুষের আবেগ আর ভালোবাসা সঙ্গে করেই যাই।”

সব মিলিয়ে, মাশ্চেরানোর কথায় স্পষ্ট ইঙ্গিত ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখার স্বপ্ন এখনও বেঁচে আছে। আর সেই স্বপ্ন আঁকড়ে ধরেই অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়