ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দশম গ্রেড ইস্যুতে কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
দশম গ্রেড ইস্যুতে কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়ায় দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক ও রেলপথ অবরোধ করে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেয়। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে ট্রেন থামান এবং বিভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন:

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময়ের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া বৈষম্যমূলক। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে বলে তারা দাবি করেন।

তারা আরো বলেন, আগে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ নীতিমালা পরিবর্তন করে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়ায় ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলন আরো কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচির কারণে প্রায় ২০ মিনিট খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই সঙ্গে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলন প্রত্যাহার করলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা/কাঞ্চন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়