ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি স্বতন্ত্র প্রার্থীর

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৬  
বগুড়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি স্বতন্ত্র প্রার্থীর

আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান এবং তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগপত্র

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ লিখিত অভিযোগ করা হয়েছে। এতে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়েছে। 

আরো পড়ুন:

অভিযোগপত্রে বলা হয়েছে, জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান বর্তমানে দেউলী আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি। তিনি পদত্যাগ না করেই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এ তথ্য গোপন করেছেন।

আরো অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের পরিপত্র-৪ এর ধারা ২০ এর উপধারা (ঘ) অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে থাকলে নির্বাচনি প্রচার শুরুর আগেই পদত্যাগ করা বাধ্যতামূলক। কিন্তু, সংশ্লিষ্ট প্রার্থী সেই বিধান অনুসরণ করেননি। এ অবস্থায় নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলযোগ্য। 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু সাংবাদিকদের বলেছেন, “নির্বাচনি আইন লঙ্ঘন করায় আমি অভিযোগ দায়ের করেছি। যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জামায়াত প্রার্থীর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেছেন, “বিষয়টি আমরা জেনেছি। উপজেলা থেকে অফিসিয়ালি আমাদের কাছে এলে সেটি আমরা কমিশনে পাঠাব। কারণ, এখন আর আমাদের কিছু করার নেই। প্রার্থিতা বাতিলের সুযোগ এখন রিটার্নিং অফিসারের নেই।”

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়