দেবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ!
দেব, তাসনিয়া ফারিণ
দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের পর এবার ওপার বাংলার সিনেমায় কাজ করার গুঞ্জনে আলোচনায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গুঞ্জন উড়ছে, ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রে তাকে দেখা যেতে পারে।
এর আগেও দেব অভিনীত ‘প্রজাপতি টু’ সিনেমায় ফারিণের কাজ করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রজেক্টটি আর বাস্তবায়িত হয়নি। কলকাতায় কাজের প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, “ওপারে কাজ করার আগ্রহ অবশ্যই আছে। বেশ কিছু প্রস্তাব নিয়ে কথা হচ্ছে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে ভয় লাগে। কারণ আগের অভিজ্ঞতা আমাকে সতর্ক করেছে।”
কোনো প্রজেক্ট বাতিল হলে দর্শক ও অনুরাগীরা কষ্ট পান। তাই কোনো প্রজেক্ট নিশ্চিত হওয়ার আগে কিছু প্রকাশ করতে চান না। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সম্ভাব্য একটি সিনেমার শুটিং নিয়েও আপাতত মন্তব্য করতে নারাজ এই নায়িকা।
বলে রাখা ভালো, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় তাসনিয়া ফারিণের। প্রথম কাজেই সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘প্যাট্রি চাই’ নামে আরেকটি কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে সেই প্রজেক্ট থেকে সরে আসেন।
এদিকে, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফারিণ। তার ভাষ্য, “এত বড় তারকার বিপরীতে অভিনয় করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তবে চরিত্রের গুরুত্ব আর অভিনয়ে নতুনত্ব দেখে কাজটি করতে রাজি হয়েছিলাম।”
সব মিলিয়ে দেবের সঙ্গে তাসনিয়া ফারিণের সম্ভাব্য জুটি এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে গুঞ্জন যে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।
ঢাকা/রাহাত/শান্ত